লিবিয়ায় মন্ত্রিসভা বিলোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় ক্ষমতাসীন জাতীয় অন্তর্বর্তী পরিষদ (এনটিসি) দেশটির মন্ত্রিসভা বিলোপ করেছে। অযোগ্যতার অভিযোগ এনে দায়িত্ব গ্রহণের মাত্র পাঁচ মাসের মাথায় ওই মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার এনটিসির জ্যেষ্ঠ দুই কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এনটিসির কর্মকর্তা ফাদি বাজা বলেন, গত বুধবার অনুষ্ঠিত এনটিসির সভায় প্রধানমন্ত্রী আবদুর রহিম এল-কেইবের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। এনটিসির মোট ৭২ সদস্যের মধ্যে ৬৫ জনই প্রস্তাবটি অনুমোদন করেন। অপর কর্মকর্তা মুসা আল-কৌনি বলেন, নতুন একটি মন্ত্রিসভা গঠনের ব্যাপারে এনটিসির সদস্যরা একমত না হওয়ায় মন্ত্রিসভা বিলোপের বিষয়টি প্রকাশ্যে ঘোষণা করা হয়নি। লিবিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, এ নিয়ে এনটিসিতে বিভক্তি রয়েছে। ইসলামপন্থীদের সমর্থন রয়েছে এল-কেইবের সহযোগী মুস্তাফা আবু-শাকৌরের প্রতি। এ ছাড়া লেবার পার্টির মন্ত্রী মুস্তাফা আল-রাজবানিকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হলে এনটিসির অন্য সদস্যরা বিরোধিতা করেন। প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির দীর্ঘ স্বৈরশাসনের অবসানের পর পুনর্গঠিত লিবীয় সরকারের ওপর এটাই সর্বশেষ বড় আঘাত। এতে আগামী জুনে অনুষ্ঠেয় দেশটির নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে। ২০০ সদস্যের ওই নির্বাচিত গণপরিষদ দেশটিতে নতুন সরকার গঠন ও সংবিধান প্রণয়ন করবে বলে কথা রয়েছে। এপি।