লিবিয়ায় মন্ত্রী হলেন বিদ্রোহের আগুন জ্বালানো ফেতহি তারবেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ফেব্রুয়ারিতে যে মানুষটির গ্রেপ্তারের ঘটনা লিবিয়ায় বিদ্রোহের আগুন জ্বেলেছিল, গত রোববার সেই ফেতহি তারবেল দেশের নতুন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া ও যুবমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তবে নতুন দায়িত্ব নেওয়ার ব্যাপারে তিনি দ্বিধাগ্রস্ত ছিলেন।রোববার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আবদুর রহিম এল-কেইব ও জাতীয় অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) চেয়ারম্যান মুস্তাফা আবদেল জলিলের সামনে আনুষ্ঠানিকভাবে শপথ নেন ফেতহি তারবেল। পবিত্র কোরআনের ওপর হাত রেখে শপথ নেওয়ার সময় তিনি আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলেন। বিদ্রোহীদের হাতে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর দেশটিতে গৃহযুদ্ধের অবসান ঘটেছে। নতুন অন্তর্বর্তী সরকার দেশের শাসনভার নিয়েছে। এই সরকারের অধীনে সাত মাসের মধ্যে সেখানে সাধারণ নির্বাচন হবে। তারবেল একজন মানবাধিকার কর্মী ও আইনজীবী। ১৯৯৬ সালে লিবিয়ার আবু সালিম কারাগারে যে গণহত্যার ঘটনা ঘটে, নিহতদের পরিবারের সদস্যদের প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন তিনি। গত ফেব্রুয়ারিতে বেনগাজিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।তারবেলের গ্রেপ্তারের ঘটনায় ক্ষুব্ধ হন ওই গণহত্যায় নিহত ব্যক্তিদের স্বজনেরা। ঘটনার প্রতিবাদে ওই পূূর্বাঞ্চলীয় শহরের শাজারা চত্বরে ১৫ ও ১৬ ফেব্রুয়ারি রাতে তাঁরা বিক্ষোভ করেন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এর জের ধরে ১৭ ফেব্রুয়ারি আরও বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। চারদিকে ছড়িয়ে পড়ে গাদ্দাফিবিরোধী বিক্ষোভ। রয়টার্স।