লিবিয়ায় মাজারে হামলার ঘটনার জেরে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
লিবিয়ায় সুফি মাজারে ধারাবাহিক হামলা এবং অন্যান্য সহিংসতার ঘটনার জের ধরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফাওজি আবদেল আলী পদত্যাগ করেছেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, চলমান সহিংসতা মোকাবিলায় ফাওজি আবদেল আলীর ব্যর্থতার অভিযোগ তুলে দেশটির কংগ্রেস সদস্যরা তুমুল সমালোচনা করেন। এর প্রতিবাদে তিনি পদত্যাগ করেন।এক সপ্তাহ আগে ঈদুল ফিতরের দিন রাজধানী ত্রিপোলিতে দুই দফা গাড়িবোমা হামলায় দুজন নিহত হয়। এ ছাড়া, গত কয়েক দিনে বেশ কয়েকটি মাজারে হামলার ঘটনা ঘটে। ধারাবাহিক এসব হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনী ব্যাপক সমালোচনার মুখে পড়ে। ত্রিপোলি ও জিলতান শহরের দুটি সুফি স্থাপনা গত শুক্র ও শনিবার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। অতিরক্ষণশীল সালাফি ইসলামপন্থীরা এ ঘটনা ঘটায় বলে মনে করা হচ্ছে। মুয়াম্মার গাদ্দাফির পতনের পর দেশটিতে এটিই সবচেয়ে বেপরোয়া সাম্প্রদায়িক হামলা বলে বিশ্লেষকেরা মনে করছেন। দেশটির নবনির্বাচিত কংগ্রেস সদস্যরা এসব ঘটনার ব্যাপক সমালোচনা করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে অযোগ্যতা এমনকি সমাধি ধ্বংসে তাদের জড়িত থাকার অভিযোগও করেন কেউ কেউ। এএফপি ও বিবিসি।