লিবিয়ায় রাজনৈতিক দল গঠনসংক্রান্ত নতুন আইন পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার কর্তৃপক্ষ রাজনৈতিক দল গঠন-সংক্রান্ত একটি নতুন আইন পাস করেছে। নতুন এ আইনের আওতায় ধর্মীয়, আঞ্চলিক ও উপজাতীয়ভাবে রাজনৈতিক দল গঠন নিষিদ্ধ করা হয়েছে। গত মঙ্গলবার এ আইনটি পাস হয় বলে ক্ষমতাসীন ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের এক সদস্য জানিয়েছেন। এ আইনের আওতায় রাজনৈতিক দলগুলোর বিদেশ থেকে কোনো তহবিল গ্রহণও নিষিদ্ধ করা হয়।আইন প্রণয়ন কমিটির সদস্য মুস্তফা ল্যান্দি জানান, ধর্মীয়, আঞ্চলিকতা ও উপজাতীয়তার ভিত্তিতে কোনো রাজনৈতিক দল বা তাদের কোনো অঙ্গসংগঠন গড়ে তোলা যাবে না। তা ছাড়া নতুন আইনের আওতায় বিদেশে রাজনৈতিক দলগুলোর কোনো শাখা থাকতে পারবে না বা বিদেশ থেকে তারা কোনো তহবিলও গ্রহণ করতে পারবে না। তিনি আরও জানান, মঙ্গলবার রাতে পাস হওয়া আইনের আওতায় রাজনৈতিক দলগুলোর কমপক্ষে ২৫০ জন ও এর অঙ্গসংগঠনগুলোর ১০০ জন প্রতিষ্ঠাতা সদস্য থাকতে হবে। লিবিয়ার নির্বাচনী কমিটি চলতি মাসে জানিয়েছিল, আগামী জুনে ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শিগগিরই দেশে রাজনৈতিক দল গঠন-সংক্রান্ত একটি আইন প্রণীত হবে। কিন্তু এর আগেই ১৯ জুন অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে অংশ নিতে দেশটিতে কয়েক ডজন রাজনৈতিক দল গঠিত হয়ে গেছে। লিবিয়ায় সাবেক শাসক মোয়াম্মার গাদ্দাফির শাসনামলে কয়েক দশক ধরে রাজনৈতিক দল গঠন নিষিদ্ধ ছিল। এএফপি