লিবিয়ায় রাষ্ট্রদূত হত্যার বিচার হবে: ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সের হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে মার্কিন কনস্যুলেটে হামলার এই ঘটনা মার্কিন সরকার ও লিবিয়ার নতুন সরকারের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে না। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, তিনি এই ঘটনার জন্য প্রেসিডেন্ট ওবামাকে সমবেদনা জানিয়ে চিঠি পাঠিয়েছেন এবং আশা করছেন হত্যাকারীদের বিচারে যা যা করণীয়, তার সবই লিবিয়া সরকার করবে। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে একদল অস্ত্রধারী হামলা চালানোর পর রাষ্ট্রদূত স্টিভেন্সসহ চারজন নিহত হন। যুক্তরাষ্ট্রে নির্মিত ইনোসেন্স অব মুসলিমস নামের একটি চলচ্চিত্রে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে বিদ্রূপ করা হয়েছে—এমন অভিযোগ এনে ক্ষুব্ধ মিলিশিয়ারা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। একই অভিযোগে মিসরে মার্কিন দূতাবাসেও হামলা হয়েছে। সর্বশেষ তিউনিসিয়ায়ও গতকাল মার্কিন দূতাবাসের বাইরে একই অভিযোগে ব্যাপক বিক্ষোভ হয়েছে। প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাতে ওই মিশনে হামলা চালানো হয়। সশস্ত্র হামলাকারীরা মিশন ভবন লক্ষ্য করে গুলি ও রকেট ছোড়ে। মিশন চত্বরে হাতে তৈরি বোমা নিক্ষেপ করা হয়। একপর্যায়ে হামলাকারীরা মিশন ভবনে আগুন ধরিয়ে দেয়। এ সময় রাষ্ট্রদূত তাঁর সঙ্গীদের নিয়ে বের হতে গেলে হামলার শিকার হন। বেনগাজি মেডিকেল সেন্টারের চিকিত্সক জিয়াদ আবু জেইদ বলেছেন, স্টিভেন্সের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর দাবি, মূলত বিষাক্ত ধোঁয়া ফুসফুসে ঢুকে পড়ায় তিনি শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। তবে অন্য তিনজন আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছেন বলে বিভিন্ন সূত্র দাবি করেছে।আবু জেইদ বলেন, তাঁরা কয়েক ঘণ্টা ধরে স্টিভেন্সকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। ত্রিপোলির মার্কিন দূতাবাস থেকে গতকালই একটি বিমান ঘটনাস্থলে গেছে। মরদেহ নিয়ে বিমানটি যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা।এদিকে, মিসরের রাজধানী কায়রোতে মার্কিন দূতাবাসে হামলা চালিয়ে এর সীমানা দেয়াল ভেঙে দিয়েছে বিক্ষোভকারীরা। তারা দূতাবাসের সামনে টানানো মার্কিন পতাকা নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়।মিসর ও লিবিয়ায় মার্কিন কূটনৈতিক মিশনে হামলার ঘটনায় প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের তাত্ক্ষণিক প্রতিক্রিয়াকে যুক্তরাষ্ট্রের জন্য ‘অসম্মানজনক’ আখ্যা দিয়ে তাঁর সমালোচনা করেছেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনি। ওবামা ইসলামপন্থী বিক্ষোভকারীদের প্রতি সহানুভূতিশীল বলেও তিনি অভিযোগ করেন।রমনি গতকাল এক বিবৃতিতে বলেন, ‘মিসর ও লিবিয়ায় মার্কিন কূটনৈতিক মিশনে হামলা চালানো হয়েছে। লিবিয়ার মিশনে হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। কিন্তু তাত্ক্ষণিকভাবে এ হামলার নিন্দা পর্যন্ত জানায়নি ওবামা প্রশাসন, যা যুক্তরাষ্ট্রের জন্য অসম্মানজনক। রমনি অভিযোগ করেন, যারা এই হামলা চালিয়েছে, ওবামা তাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন। বিবিসি।