লিবিয়ায় শরণার্থী শিবিরে গুলিতে নিহত ৫
লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছে এক শরণার্থী শিবিরে গত সোমবার বন্দুকধারীদের হামলায় পাঁচজন নিহত ও দুজন আহত হয়েছেন। ত্রিপোলি থেকে ১২ কিলোমিটার দূরে তাওয়ের্গা এলাকায় শরণার্থী শিবিরটি অবস্থিত। শরাণার্থী শিবিরের এক বাসিন্দা জানান, ‘লিবিয়ায় গৃহযুদ্ধের সময় মুয়াম্মার গাদ্দাফিকে সহযোগিতা করার অভিযোগে আমাদের ওপর এ হামলা চালানো হয়েছে। আমরা গাদ্দাফি বাহিনীর কাছে জিম্মি ছিলাম, তাদের কোনো সহযোগিতা করিনি।’আরেক বাসিন্দা জানান, ‘সাব-সাহারা অঞ্চলের ভাড়াটে সেনারা এখান থেকে গাদ্দাফির হয়ে জাতীয় অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) বিদ্রোহীদের বিপক্ষে যুদ্ধ করেছিল। ওই ভাড়াটে সেনাদের সঙ্গে প্রায়ই আমাদের গুলিয়ে ফেলা হয়। আমরা কারও পক্ষ নিয়ে কোনো যুদ্ধ করিনি।’ হাসপাতালে শরণার্থী শিবিরের বাসিন্দা হুদা বেল বলেন, ‘বন্দুকধারীরা সকাল ১০টার দিকে এসেছিল। তারা সংখ্যায় ১৫ জনের মতো হবে। এসেই তারা গুলি করতে শুরু করে। নারীরা পালিয়ে গেলেও যুবকেরা সেখানেই থাকে। আমার ভাইও সেখানে ছিল। তার মাথা ও গলায় গুলি লাগে। এরপর তারা আমার পায়ে গুলি করে।’ এপি।