লিবিয়ায় সব সশস্ত্র দলের কার্যক্রম বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার সাবেক শাসক গাদ্দাফির পতনের পর যেসব মিলিশিয়া ও সশস্ত্র দল এখনো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আসেনি, তাদের তৎপরতা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গত শনিবার রাতে লিবিয়ান ন্যাশনাল অ্যাসেমব্লির প্রধান মোহাম্মেদ আল-মেগারিয়েফ এ ঘোষণা দেন। এদিকে বেনগাজি শহরে সেনা, পুলিশ ও বিদ্রোহীদের প্রতিরোধের মুখে এখানে মিলিশিয়া বাহিনী আবু স্লিম ব্রিগেড ও আনসার আল-শারিয়ার পক্ষ থেকেও তাদের কার্যক্রম বন্ধ ও সশস্ত্র দল ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।সংবাদ সম্মেলনে আল-মেগারিয়েফ বলেন, ‘সরকারের নিয়ন্ত্রণে না আসা সব সশস্ত্র দলের কার্যক্রম বন্ধ ঘোষণা করছি আমরা। যেকোনো ধরনের সহিংসতা ও প্রকাশ্যে কোনো ধরনের অস্ত্র বহনের ওপরও নিষেধাজ্ঞা ঘোষণা করা হচ্ছে।’সেই সঙ্গে কর্তৃপক্ষ বেনগাজিতে সেনা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বাহিনী ও সাবেক বিদ্রোহীদের একীভূত করে একটি ‘অভিযান পরিচালনা কক্ষ’ (অপারেশন রুম) গড়ে তোলারও সিদ্ধান্ত নিয়েছে।এদিকে নিজেদের কার্যক্রম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লিবিয়ার পূর্বাঞ্চলীয় মিলিশিয়া বাহিনী আবু স্লিম ব্রিগেড ও আনসার আল-শারিয়া। গত শুক্রবার বেনগাজিতে সেনাবাহিনী, পুলিশ ও বিদ্রোহীদের সঙ্গে সহিংস ঘটনার পর মিলিশিয়াদের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হলো। শহরটির পূর্বাঞ্চলীয় বন্দর নগর দেরনা এই মিলিশিয়া দলগুলোর শক্ত ঘাঁটি। আবু স্লিমের প্রভাবশালী যোদ্ধা আবু আল-শালালি বলেন, দেরনা থেকে তাঁদের ঘাঁটিগুলো সরিয়ে নেওয়া হবে। একটি ঘাঁটিতে বিদ্রোহী ও মিলিশিয়াদের মধ্যে প্রচণ্ড লড়াইয়ের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, ‘আমরা আমাদের ভাই ও আত্মীয়দের আর হত্যা করতে পারি না। সশস্ত্র দলটিও ভেঙে দিচ্ছি আমরা।’ আলজাজিরা ও বিবিসি।