লিবিয়ায় সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র!
লিবিয়ায় জল, স্থল ও আকাশপথে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। গাদ্দাফি বাহিনীর হাত থেকে নিরীহ লোকজনকে রক্ষার জন্য ওয়াশিংটন ও তার মিত্ররা লিবিয়ায় সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত নিলে সেটা যাতে দ্রুত বাস্তবায়ন করা যায়, সে লক্ষ্যেই দেশটির এ প্রস্তুতি। তবে ফ্রান্স বলেছে, লিবিয়ায় সামরিক অভিযান চালানো হলে তার ফল ভালো হবে না। রক্তপাত হবে অনেক। তা সত্ত্বেও লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে বিদ্রোহীদের অস্ত্র সাহায্য দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ওবামার ওপর দেশটির নীতিনির্ধারক ও আইণপ্রণেতারা চাপ অব্যাহত রেখেছেন।প্রভাবশালী মার্কিন পত্রিকা নিউইয়র্ক টাইমস-এর গত রোববারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহীদের হাত থেকে কয়েকটি শহর গাদ্দাফি বাহিনী পুনরায় দখল করে নেওয়ার খবরে নড়েচড়ে বসেছে ওয়াশিংটন। বিশেষ করে পশ্চিমাঞ্চলীয় শহর মিসারাতে গাদ্দাফি বাহিনীর নির্বিচার হামলা ও ট্যাংকের গোলাবর্ষণে অনেক লোক হতাহত হওয়ায় লিবিয়ায় সামরিক হামলার বিষয়টি যুক্তরাষ্ট্র এখন সক্রিয়ভাবে বিবেচনা করছে। কয়েকটি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র চাইছে বিমান হামলা করে লিবিয়ার সরকার ও সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের সব ব্যবস্থা ভেঙে দিতে। অন্য সূত্রে বলা হয়েছে, লিবিয়ার বিদ্রোহীদের জন্য অস্ত্র ও প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী বিমান থেকে ফেলার বিষয়টিও যুক্তরাষ্ট্র ভেবে দেখছে। ছোটখাটো বিশেষ প্রশিক্ষিত সেনাদল পাঠিয়ে বিদ্রোহীদের সাহায্য করার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। আফগানিস্তানে তালেবানকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এ কৌশলটি প্রয়োগ করেছিল। তবে গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে লিবিয়ািয় জল, স্থল ও আকাশপথে একযোগে হামলার বিষয়টিকেই বেশি গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে সব প্রস্তুতিও শেষ করা হয়েছে। লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে যেকোনো সময় আঘাত হানা যায় এমন দূরত্বে অবস্থান করছে দুটি মার্কিন যুদ্ধ জাহাজ। মেরিন সেনাসহ যুদ্ধবিমান ও অন্যান্য আধুনিক যুদ্ধ-সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে সেখানে। তবে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এলাইন জুপ্পি বলেছেন, লিবিয়ায় সেনা অভিযান প্রচুর রক্তপাত ছাড়া কোনো ভালো ফল বয়ে আনবে না। মিসরের রাজধানী কায়রোতে গত রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফ্রান্স ও তার অনেক মিত্রই লিবিয়ায় পশ্চিমা বিশ্বের সামরিক অভিযান সমর্থন করবে না। কেননা, এতে শুধু রক্তক্ষয় হবে। ভালো কোনো ফল অর্জিত হবে না। তবে রক্তপাত বন্ধে ‘নো ফ্লাই জোন’ কার্যকরের প্রতি তিনি জোরালো সমর্থন ব্যক্ত করেন। এদিকে সিনেটর জন কেরি, ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্টিফেন হ্যাডলি, নিউ মেক্সিকো রাজ্যের সাবেক গভর্নর বিল রিচার্ডসন, রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইনসহ মার্কিন নীতিনির্ধারকেরা লিবিয়ার বিদ্রোহীদের অস্ত্র দিয়ে সাহায্য করা এবং ‘নো ফ্লাই জোন’ কার্যকরের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রেসিডেন্ট ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁরা লিবিয়ায় সরাসরি সেনা না পাঠিয়ে বিদ্রোহীদের অস্ত্র দিয়ে সহযোগিতা করা এবং বিমান হামলা চালিয়ে গাদ্দাফি সরকারের মেরুদণ্ড ভেঙে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। এপি ও এএফপি।