লিবিয়ায় সামরিক পদক্ষেপের আভাস ওবামার
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির বাহিনীর আক্রমণ থেকে সে দেশের মানুষকে রক্ষা করতে সামরিক-বেসামরিক সব ধরনের বিকল্পই বিবেচনায় রেখেছেন তিনি। এর মধ্যে প্রথমেই আছে লিবিয়াকে নো-ফ্লাই জোন ঘোষণা। পরিস্থিতির আরও অবনতি হলে বিমান হামলার সম্ভাবনাও তিনি নাকচ করে দেননি।হোয়াইট হাউসে গত বৃহস্পতিবার মেক্সিকোর প্রেসিডেন্ট ফিলিপ ক্যালডেরোনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ওবামা জানান, সামরিক ও বেসামরিক বিমান নিয়োগ করে তিনি লিবিয়া থেকে বিভিন্ন দেশের মানুষকে উদ্ধারের নির্দেশ দেবেন।ওবামা বলেন, ‘প্রতিটি বিকল্পই আমরা বিবেচনা করছি। আমি পরিষ্কারভাবে বলতে চাই, সব পথই আমাদের জন্য খোলা আছে। তবে সামরিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হলে তা হবে লিবিয়ার মানুষের সর্বোত্তম স্বার্থের কথা মাথায় রেখেই। আর এ ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ যতটা সম্ভব এড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।’গাদ্দাফি ক্ষমতায় থাকার বৈধতা হারিয়েছে এবং তাঁকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে জানিয়ে ওবামা বলেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই, যথার্থ ও দ্রুত পদক্ষেপ নেওয়ার শক্তি আমেরিকার আছে। পরিস্থিতির যদি এভাবে অবনতি হতে থাকে এবং মানবিক সংকট সৃষ্টি হয়, নিরীহ মানুষের জীবন হুমকির মুখে পড়ে তাহলে আমরা অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করে যথোপযুক্ত পদক্ষেপ নেব।’লিবিয়ার বিক্ষোভকারীরা গাদ্দাফির অনুসারী বাহিনীর বিরুদ্ধে বিমান হামলা চালানোর জন্য একের পর এক আহ্বান জানিয়ে আসছে। তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস জানান, লিবিয়াকে নো-ফ্লাই জোন ঘোষণা করা হলে শুরুতেই লিবিয়া সরকারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বিমান হামলা চালাতে হবে।লিবিয়া, তিউনিসিয়া ও মিসরের ঘটনার পেছনে ওয়াশিংটনের হাত রয়েছে বলে যে সমালোচনা বিভিন্ন মহল থেকে করা হচ্ছে, সে প্রসঙ্গে ওবামা বলেন, মিসরে গত মাসে প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে আন্দোলন ও তাঁর পতনের ঘটনা থেকে পরিষ্কার যে মিসরের মানুষই তাঁর পতনে আন্দোলনের উদ্যোগ নিয়েছিল, বাইরের দেশ নয়।আন্দোলন সফল হওয়ার পর দেশগুলোতে মার্কিনবিরোধী মনোভাব সৃষ্টি হয়নি জানিয়ে ওবামা বলেন, ‘কেননা তারা মনে করেনি যে আমরা কোনোভাবে সুনির্দিষ্ট ফলাফলের জন্য ঘটনাকে প্রভাবিত করেছিলাম।’তবে লিবিয়ায় সামরিক শক্তি প্রয়োগের বিষয়ে বিভক্ত হয়ে পড়েছে পশ্চিমা বিশ্ব। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও কানাডাসহ আরও কয়েকটি দেশ বলছে, প্রয়োজন হলে তারা সামরিক অভিযানের পক্ষে সিদ্ধান্ত নেবে। তবে ইতালি ও জার্মানিসহ কয়েকটি দেশ জানিয়েছে তারা সামরিক অভিযানের পক্ষে নয়। কেননা এই অভিযান হবে খুবই জটিল এবং ফলাফল অনিশ্চিত। ওয়াশিংটন পোস্ট।