লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির অনুগত সেনা ও বিদ্রোহী—দুই পক্ষই যুদ্ধাপরাধ করেছে বলে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত বুধবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় এ প্রতিবেদন প্রকাশ করা হয়। আগামী সোমবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে এ প্রতিবেদন খতিয়ে দেখা হবে।সামরিক জোট ন্যাটো লিবিয়া অভিযান আরও ৯০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বৃহস্পতিবারও রাজধানী ত্রিপোলিতে বিমান হামলা চালিয়েছে ন্যাটো।জাতিসংঘের মানবাধিকার কমিশনের এক বিবৃতিতে বলা হয়, লিবিয়ায় যে অপরাধ সংঘটিত হয়েছে, তা খতিয়ে দেখে একটি সিদ্ধান্তে পৌঁছানো যায়। তা হলো, সেখানে সরকারি সেনারা মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধ করেছেন। বিবৃতিতে আরও বলা হয়, কমিশন বিদ্রোহী সেনাদের বিরুদ্ধেও বেশ কিছু তথ্য পেয়েছে, যেগুলো যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা যায়।তদন্তে নিযুক্ত মানবাধিকার বিশেষজ্ঞরা বলেন, ‘লিবিয়ায় আমরা খুন, নির্যাতনসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হওয়ার প্রমাণ পেয়েছি। লিবিয়ার নেতা গাদ্দাফির অনুগত সেনারা তাঁর পরামর্শেই এসব অপরাধ করেছে। বিদ্রোহী সেনারাও যুদ্ধাপরাধ করেছে। তবে তা খুব বেশি নয়।’তদন্ত প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, বিদ্রোহীরা বিশেষ করে অভিবাসী-কর্মীদের ওপর নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে।লিবিয়ায় চলমান যুদ্ধে মানবাধিকার পরিস্থিতি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে জাতিসংঘ। ওই কমিটি লিবিয়ায় গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে। পাশাপাশি তারা বিভিন্ন মানবাধিকার সংগঠন, চিকিৎসক ও যুদ্ধের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এবং বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে এ প্রতিবেদন তৈরি করে। তদন্ত কমিটি সরকার ও বিরোধীদের সাড়ে তিন শ ব্যক্তির সাক্ষাৎকার নেয় এবং লিবিয়ার বাইরের বেশ কিছু শরণার্থী শিবিরও পরিদর্শন করে।ত্রিপোলিতে ন্যাটোর হামলা: বৃহস্পতিবার প্রথম প্রহরে পরপর ছয়টি ভয়াবহ বোমা বিস্ফোরণে ত্রিপোলি কেঁপে ওঠে। ন্যাটো জানায়, তাদের যুদ্ধবিমান গতকাল ত্রিপোলিতে গাড়ি রাখার স্থানে (ভেহিক্যাল স্টোর) বোমা হামলা চালায়। এ ছাড়া ত্রিপোলির কাছে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।তবে তাৎক্ষণিকভাবে এসব হামলায় কোনো হতাহত বা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি। লিবিয়া সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।গত মঙ্গলবার লিবিয়া সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম দাবি করেন, ন্যাটোর হামলায় ৭১৮ জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন চার হাজার ৬৭ জন। তবে ন্যাটো এ অভিযোগ অস্বীকার করেছে।লিবিয়ায় অভিযানের সময় বাড়ানোর সিদ্ধান্ত: ২৮ সদস্যরাষ্ট্রের সামরিক জোট ন্যাটো গত বুধবার লিবিয়া অভিযান আরও ৯০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রথম দফার ৯০ দিনের সময়সীমা আগামী ২৭ জুন শেষ হওয়ার কথা। বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠকে ন্যাটোর সদস্য না হয়েও লিবিয়া-অভিযানে অংশ নেওয়া জর্ডান, কাতার, সুইডেন, সংযুক্ত আরব আমিরাত ও মরক্কোর প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে ন্যাটোর মহাসচিব ফগ রাসমুসেন জানান, লিবিয়ার বেসামরিক জনগণকে রক্ষায় ন্যাটো আরও ৯০ দিন অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এএফপি, বিবিসি।