সাদি গাদ্দাফি নাইজারে, বনি ওয়ালিদে তুমুল লড়াই
লিবিয়ায় ১০ দিনের মধ্যে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা এনটিসির
আগামী ১০ দিনের মধ্যে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দিয়েছে লিবিয়ার বিদ্রোহীদের ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি)। বনি ওয়ালিদ এলাকায় বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে গাদ্দাফি বাহিনীর তুমুল লড়াই চলছে। এদিকে গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফি সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী দেশ নাইজারে পৌঁছেছেন বলে গত রোববার জানিয়েছে দেশটি। এনটিসির উপপ্রধান মাহমুদ জিবরিল গতকাল সোমবার ত্রিপোলিতে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দিয়ে বলেন, লিবিয়াকে মুক্ত করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বিপ্লবী যোদ্ধারা এখনো লড়ে যাচ্ছে। লিবিয়া মুক্ত হওয়ার পর আরেকটি সরকার গঠন করা হবে।তিন সপ্তাহ আগে ত্রিপোলির পতনের পর থেকে এখন পর্যন্ত দেশটির পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফির অবস্থান সম্পর্কে সুস্পষ্টভাবে কিছুই জানা যায়নি। তবে লিবিয়ার প্রতিবেশী দেশ নাইজারের বিচারমন্ত্রী মারো আমাদু গত রোববার জানান, গাদ্দাফির তৃতীয় ছেলে সাদি গাদ্দাফি রোববার সীমান্ত অতিক্রম করে তাঁদের দেশে পৌঁছেছেন।মারো আমাদু আরও জানান, সাদি গাদ্দাফি বিস্তীর্ণ মরুভূমি পাড়ি দিয়ে নাইজারে ঢুকেছেন। মানবিক কারণেই তাঁকে এ দেশে ঢুকতে দেওয়া হয়েছে। তাঁকে এখন রাজধানীতে নিয়ে আসা হচ্ছে।গাদ্দাফির নিজের শহর সারতে শহরের কাছাকাছি বনি ওয়ালিদ এলাকা থেকে এএফপির এক সাংবাদিক গতকাল জানান, সেখানে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই চলছে এবং কমপক্ষে তিন যোদ্ধা নিহত ও ১৫ জন আহত হয়েছে। এনটিসির যোদ্ধারা সেখানে জড়ো হয়ে সারতে অভিযান শুরুর সংকেত পাওয়ার অপেক্ষায় রয়েছে।ওই সাংবাদিক জানান, ভারী সাঁজোয়া যান, বিমানবিধ্বংসী কামান ও গোলাবারুদ নিয়ে গত রোববার বনি ওয়ালিদ এলাকায় পৌঁছায় বিদ্রোহী যোদ্ধারা। এরপর বিকেলের দিকে শহরটির আল-মানসিলা ও আল-হাওয়াসিম মহল্লায় লড়াই শুরু হয় বলে জানায় বিদ্রোহী যোদ্ধারা।বিদ্রোহী কমান্ডার জেনারেল আতিয়া আলী তারহুনি বলেন, ‘আমরা এখানে অবস্থান নিয়ে চুপচাপ আছি। অপেক্ষা করছি আক্রমণ শুরুর নির্দেশ পাওয়ার জন্য।’রোববার বিকেলে গাদ্দাফির অনুগত একটি রেডিও স্টেশন থেকে আক্রমণকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে স্থানীয় বাসিন্দাদের প্রতি বারবার অনুরোধ জানানো হয়। এতে বলা হয়, ‘আজই রুখে দাঁড়ান। জিহাদের এটাই সময়।’ এএফপি, রয়টার্স।