লিবিয়ায় ২৪ বিদেশি নাগরিকের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার একটি সামরিক আদালত ২৪ জন বিদেশি নাগরিককে কারাদণ্ড দিয়েছেন। তাঁরা দেশটির ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির ভাড়াটে সৈনিক হিসেবে কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে। এঁদের মধ্যে ১৯ জন ইউক্রেনের, তিনজন বেলারুশ ও দুজন রাশিয়ার নাগরিক। আদালত রাশিয়ার একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। অন্যদের দিয়েছেন ১০ বছর করে সশ্রম কারাদণ্ড। বিদেশিদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ন্যাটোর যুদ্ধবিমানকে লক্ষ্য করে ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপে মুখ্য ভূমিকা পালন করেছেন। তবে ২৪ বিদেশি তাঁদের বিরুদ্ধে আনা এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাঁরা লিবিয়ার তেল খাতে কাজ করতে এসেছেন। রায় ঘোষণার সময় ইউক্রেন ও বেলারুশের রাষ্ট্রদূতেরা আদালতে উপস্থিত ছিলেন। তাঁরা বলেছেন, তাঁরা এই রায়ের বিরুদ্ধে আবেদন করবেন। কর্মকর্তারা বলেন, ২৪ বিদেশি তাঁদের সরকারের সহযোগিতা ছাড়াই নিজ নিজ চেষ্টায় লিবিয়ায় আসেন। গত বছরের আগস্টে ত্রিপোলির পতনের পর তাঁদের গ্রেপ্তার করা হয়। এএফপি।