লিবিয়ায় ‘ফ্রেন্ডলি ফায়ারের’ ব্যাখ্যা চেয়েছে বিদ্রোহীরা
লিবিয়ায় গত বৃহস্পতিবার বিদ্রোহী যোদ্ধাদের ট্যাংকের ওপর ন্যাটো বাহিনীর বিমান হামলার ব্যাপারে ব্যাখ্যা চেয়েছে বিদ্রোহীরা। ওই হামলায় চারজন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়। এ ঘটনাকে বিদ্রোহীরা ভুল করে স্বপক্ষের গোলাবর্ষণের (ফ্রেন্ডলি ফায়ার) ঘটনা বলে ধরে নিলেও ব্যাখ্যা দাবি করেছে। গত ৩১ মার্চ লিবিয়ার বেসামরিক লোকজনকে রক্ষা করতে সে দেশে অভিযান পরিচালনার নেতৃত্ব নিয়েছে সামরিক জোট ন্যাটো। এরপর বৃহস্পতিবার তৃতীয়বারের মতো ফ্রেন্ডলি ফায়ারের ঘটনা ঘটে। বিদ্রোহীদের কমান্ডার জেনারেল আবদেলফাতাহ ইউনুস বৃহস্পতিবার লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজিতে সংবাদ সম্মেলন করেন। এতে তিনি বলেন, ‘আমরা ন্যাটো বাহিনীকে জেরা করছি না। কারণ তারা আমাদের ও বেসামরিক জনগণকে সহায়তা করতে লিবিয়া অভিযান পরিচালনা করছে। আমার মনে হয়, ন্যাটো ভুল করে আমাদের ট্যাংক ও সাঁজোয়া গাড়ির বহরে বিমান হামলা চালিয়েছে। এই হামলার যুক্তিযুক্ত ব্যাখ্যা চাই।’ জেনারেল ইউনুস বলেন, ‘আমরা কিছু প্রশ্নের উত্তর চাই। এই বিমান হামলাকে ফ্রেন্ডলি ফায়ার বলেই ধরে নিচ্ছি আমরা।’আজদাবিয়া ও ব্রেগা শহরের মধ্যবর্তী স্থানে বিদ্রোহীদের ট্যাংক, সাঁজোয়া গাড়িসহ ৩০টিরও বেশি সামরিক যানের বহরে গত বৃহস্পতিবার বিমান হামলা চালায় ন্যাটো বাহিনী। বিদ্রোহীদের একজন কমান্ডার জানান, সামরিক বহরে বিমান থেকে অন্তত চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে চার সেনা নিহত হয়। আহত হয় অনেকে। তবে স্থানীয় চিকিৎসকেরা জানান, ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে।এই হামলায় বিদ্রোহী সেনারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে একে ন্যাটো বাহিনীর ভয়াবহ ভুল বলে আখ্যা দেয়। বিদ্রোহী সেনাদের মতে, যখন স্পষ্টত তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে, তখন ন্যাটো এই হামলা চালায়। তারা এই ভুল হামলার উপযুক্ত ব্যাখ্যা দাবি করে।ন্যাটো অবশ্য বলেছে, তারা বিষয়টি তদন্ত করে দেখবে। ন্যাটোর এক বিবৃতিতে বলা হয়, হামলা চালানোর স্থানটি সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা ছিল না। আর সেখানে বিভিন্ন দিক থেকে সামরিক যান আসছিল। বিবৃতিতে বলা হয়, এটা স্পষ্ট যে, ন্যাটো জাতিসংঘের অনুমোদনে লিবিয়ার জনগণের জন্য ক্ষতির কারণ, এমন সবকিছুর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে।আজদাবিয়ায় বিদ্রোহী সেনারা গত শুক্রবার বিভিন্নভাবে বিভক্ত হয়ে নতুন করে সংগঠিত হয়েছে। গতকাল আজদাবিয়ার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে বিদ্রোহীরা। তবে মিসরাতায় গাদ্দাফির অনুগত সেনারা এখনো শক্তিশালী অবস্থানে রয়েছে। এএফপি, বিবিসি, রয়টার্স।