লিবিয়ায় ‘শান্তির রোডম্যাপ’ আলোচনায় এইউ নেতারা
লিবিয়ার সংকট সমাধানে শান্তির রোডম্যাপ নিয়ে গতকাল শুক্রবার আবার আলোচনা শুরু করেছেন আফ্রিকার নেতারা। তবে লিবিয়ার বিদ্রোহীরা তাদের অবস্থানে অনড় রয়েছে। তাদের দাবি, সবকিছুর আগে মুয়াম্মার গাদ্দাফিকে বিদায় নিতে হবে।কোনো অগ্রগতি ছাড়াই গত বৃহস্পতিবারের আলোচনা শেষ হওয়ার পর গতকাল শুক্রবার আবার রুদ্ধদ্বার বৈঠকে বসেন আফ্রিকান ইউনিয়নের (এইউ) নেতারা। এর আগে আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান জন পিং বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আজকের দিনটিও খুবই গুরুত্বপূর্ণ।ইকুয়েটোরিয়াল গিনির রাজধানী মালাবোতে এইউ শীর্ষ সম্মেলনে লিবিয়ার বিষয়টিই সবচেয়ে গুরুত্ব পাচ্ছে। যুদ্ধবিরতি, মানবিক সাহায্য, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা এবং গণতন্ত্রের লক্ষ্যে সংস্কার ও চূড়ান্তভাবে নির্বাচনের প্রস্তাবসহ একটি শান্তির রোডম্যাপ বাস্তবায়ন চাইছেন আফ্রিকান নেতারা। তবে এতে গাদ্দাফির বিষয়ে পরিষ্কারভাবে কিছু বলা হয়নি।আলোচনায় অংশ নেওয়া লিবিয়ার বিদ্রোহীরা বলেছে, আগে গাদ্দাফিকে বিদায় নিতে হবে। এর পরই অন্য কিছু নিয়ে আলোচনা হতে পারে। বিদ্রোহীদের জাতীয় অন্তর্বর্তীকালীন পরিষদের প্রতিনিধি মনসুর সফি আল-নাসের বলেন, ‘গাদ্দাফিকে বিদায় নিতেই হবে।’রাজনৈতিক বা সামরিক উপায়ে সংকটের সমাধান হতে পারে বলে মনে করেন কি না, জানতে চাইলে আল-নাসের বলেন, ‘সবকিছুর জন্যই আমরা প্রস্তুত আছি।’ গাদ্দাফি সরে দাঁড়ালে বিদ্রোহীরা সহিসংতা পরিহার করবে বলে জানান তিনি।ভিয়েনায় অবস্থানকারী লিবিয়ার বিদ্রোহী নেতা মাহমুদ জিবরিল বলেন, গাদ্দাফির বিষয়ে আফ্রিকান ইউনিয়নের অবস্থান তাঁরা পরিষ্কারভাবে জানতে চান। তারা কি গাদ্দাফিকে সমর্থন করবে, নাকি তাঁর বিরুদ্ধে অবস্থান নেবে, তা পরিষ্কার করে বলে দিক, এটাই বিদ্রোহীরা চায়।লিবিয়ায় ন্যাটোর নেতৃত্বে পশ্চিমা অভিযানের সমালোচনা করার পর থেকে লিবিয়া-সংকটের একটি সমাধান নিয়ে চাপের মুখে আছে ৫১ জাতির আফ্রিকান ইউনিয়ন। তারা বলছে, আফ্রিকার সমস্যা তাদেরই সমাধান করতে দেওয়া উচিত। এএফপি।