লিব্বির নিহত হওয়ার কথা স্বীকার করলেন জাওয়াহিরি
আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার বর্তমান প্রধান আইমান আল জাওয়াহিরি প্রথমবারের মতো তাঁর প্রধান সহযোগী আবু ইয়াহিয়া আল লিব্বির নিহত হওয়ার কথা স্বীকার করেছেন। গত জুনে পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত হন লিব্বি।নাইন-ইলেভেনে ভয়াবহ সন্ত্রাসী হামলার ১১তম বার্ষিকীতে জাওয়াহিরি এক ভিডিওচিত্রে লিব্বির নিহত হওয়ার কথা নিশ্চিত করেন। ৪২ মিনিটের ওই ভিডিওচিত্রে জাওয়াহিরি জানান, গত ৪ জুন পাকিস্তানের উপজাতি-অধ্যুষিত ওয়াজিরিস্তানে মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদার দ্বিতীয় শীর্ষ ব্যক্তি লিব্বি নিহত হন। মার্কিন পর্যবেক্ষকেরা জাওয়াহিরির ওই ভিডিওচিত্রের বিষয়টি নিশ্চিত করেন।মার্কিন পর্যবেক্ষকেরা জানান, গত সোমবার জাওয়াহিরির ওই ভিডিওচিত্র ইন্টারনেটে দেওয়া হয়। নাইন-ইলেভেনের ১১তম বার্ষিকী উপলক্ষে এই ভিডিওচিত্র ছাড়া হয়েছে, জাওয়াহিরি তাঁর বক্তৃতার কোনো জায়গায় এমন কথা উল্লেখ করেননি। বক্তৃতায় জাওয়াহিরি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ‘মিথ্যাবাদী’ বলে আখ্যা দেন। এএফপি।