জলবায়ু বিষয়ে ২০১৫ সালের মধ্যে একটি চুক্তি করতে কয়েক বছর আগে সম্মত হয়েছিল বিশ্বের বিভিন্ন দেশ। আগামী বছর প্যারিসে এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। সেই চুক্তি স্বাক্ষরের পথ মসৃণ করতেই পেরুর রাজধানী লিমায় আয়োজন করা হয়েছিল সদ্য সমাপ্ত জলবায়ু সম্মেলন। কিন্তু এই সম্মেলনে দেশগুলোর মধ্যে তীব্র দর-কষাকষি থেকে পরিষ্কার হয়েছে, প্যারিস চুক্তির পথ সহজ নয়।
প্যারিস চুক্তির লক্ষ্য জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা। এই চুক্তি ২০২০ সাল থেকে কার্যকর হওয়ার কথা। লক্ষ্য হবে উষ্ণতা সৃষ্টিকারী কার্বন নিঃসরণ কমানো এবং বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা। এই চুক্তি জলবায়ু পরিবর্তনের শিকার দরিদ্র দেশগুলোর জন্য ক্ষতিপূরণের ব্যবস্থাও করবে।
নির্ধারিত সময়ের চেয়ে ৩২ ঘণ্টা বেশি সময় বেশি চলেছে লিমা সম্মেলন। সেখানে শেষ পর্যায়ে মুখ রক্ষার একটি সমঝোতা হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, লিমার তীব্র গোলযোগপূর্ণ সমঝোতা আগামী বছরের ৩০ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর প্যারিসে অনুষ্ঠেয় সম্মেলনে একটা প্রভাব ফেলবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ইউনিয়ন অব কনসার্নড সায়েনটিস্টসের (ইউসিএস) অ্যালডেন মেয়ার বলেন, ‘বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বড় ধরনের এবং গভীর বিভাজন দেখা গেছে লিমা সম্মেলনে। এসব বিরোধের মূলে ছিল জলবায়ু অর্থায়ন, কোন দেশ কার্বন নিঃসরণ কমাতে কী পদক্ষেপ নেবে এবং অভিযোজনকে বেশি করে প্রাধান্য দেওয়া হবে কি না।’
মেয়ার বলেন, ‘এসব বিভাজন লিমা সম্মেলনকে প্রায় অকার্যকর করে ফেলেছিল। এসব নিয়ে এখনই যদি সজাগ না হওয়া যায়, তবে প্যারিস চুক্তিকে তা বাধাগ্রস্ত করবে।’
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্কের (ইউএনএফসিসিসি) সদস্য ১৯৬টি দেশের মধ্যে বোঝাপড়ার অভাবই এই দ্বন্দ্বের মূলে ছিল। ২২ বছর আগে গৃহীত ইউএনএফসিসিসির সনদের একটি নীতি ছিল সদস্য রাষ্ট্রগুলো ‘সাধারণ তবে ভিন্নতাসূচক দায়’ (সিবিডিআর) নেবে।
উন্নয়নশীল দেশগুলো সিবিডিআরের একটি অর্থ দাঁড় করিয়েছে। সেটি হলো, জীবাশ্ম জ্বালানি সবচেয়ে বেশি পোড়ায় ধনী দেশগুলো। তাই জলবায়ু পরিবর্তন রোধে উন্নত দেশগুলোকে দায় নিতে হবে। জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে এই দেশগুলো তাদের উন্নতি ঘটিয়েছে। হয়েছে শক্তিশালী। কয়লা, জ্বালানি তেল, গ্যাস কার্বন নিঃসরণকারী জীবাশ্ম জ্বালানিগুলোর মধ্যে প্রধান।
তবে ধনী দেশগুলো এর পাল্টা যুক্তি হিসেবে গ্রিনহাউস গ্যাস কমাতে সব দেশের সমান প্রচেষ্টা চায়।
উন্নয়নশীল দেশগুলোর যুক্তি, ঐতিহাসিকভাবে এসব সুবিধাবঞ্চিত দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের সমান দায় দেওয়া অন্যায্য।
ফেন্ডস অন আর্থ নামের একটি প্রতিষ্ঠানের আসাদ রেহমান বলেন, পেরুতে যে অবিশ্বাস তৈরি হলো এর বিষ ভবিষ্যতের জলবায়ু আলোচনায় থেকে যাবে।