লিসবন চুক্তিতে পরিবর্তন আনার ব্যাপারে জার্মানির প্রস্তাব নিয়ে আলোচনা করছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গত বৃহস্পতিবার ইইউর দুই দিনের শীর্ষ সম্মেলনের প্রথম দিনে তাঁরা এ বিষয়ে আলোচনা করেন। পরিবর্তন আনার ব্যাপারে অনেকটাই ইতিবাচক মনোভাব পোষণ করেছেন শীর্ষস্থানীয় নেতারা।মূলত গ্রিসের অর্থনীতিতে সাম্প্রতিক ধস ও এতে ইইউর একক মুদ্রা ইউরোর বিনিময় হার কমে যাওয়ার প্রেক্ষাপটে লিসবন চুক্তিতে সংস্কার আনার প্রস্তাব তোলে জার্মানি। লিসবন চুক্তি হচ্ছে ইইউভুক্ত দেশগুলোর স্বাক্ষরিত একটি চুক্তি, যেটিকে ইউরোপীয় ইউনিয়নের সাংবিধানিক ভিত্তি হিসেবে গণ্য করা হয়। দীর্ঘ বিতর্কের পর ২০০৭ সালে চুক্তিতে স্বাক্ষর করে সবগুলো সদস্য দেশ।বৈঠকে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল লিসবন চুক্তি পরিবর্তনে আনা প্রস্তাবের নানা দিক তুলে ধরেন। মূলত গ্রিসের বাজেট ঘাটতির মতো সংকট আবারও যাতে তৈরি না হয়, তা নিশ্চিত করতে চায় জার্মানি। কেননা, এ ধরনের ঘাটতি একক মুদ্রা ইউরোর জন্য বড় হুমকি। মেরকেল বলেন, ‘সার্বিকভাবে আমরা একটি জটিল আলোচনা শেষ করেছি।’ তিনি বলেন, সংস্কার প্রস্তাব অনুযায়ী শুধু বেসরকারি বিনিয়োগকারীরা মুনাফা লুটে নিতে বা ইউরোর বিনিময় হারের পরিবর্তন আনতে পারবে না। দিনশেষে ইইউর প্রেসিডেন্ট হেরম্যান ভ্যান রোম্পুই বলেন, আগামী ডিসেম্বরে চুক্তিতে পরিবর্তন আনার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে চুক্তিতে পরিবর্তন আনার ব্যাপারে ইইউতে যথেষ্ট বিরোধিতাও রয়েছে। আইসল্যান্ডের নেতা তাওইসেচ ব্রায়ান কাওয়েন বলেন, কী ধরনের পরিবর্তন আনা দরকার, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো আসেনি। পরিবর্তন আনার বিরোধিতা করছে ব্রিটেন ও অস্ট্রিয়াও।লিসবন চুক্তিতে পরিবর্তন আনার জন্য মেরকেল এবং ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি কঠোর অবস্থান নিয়েছেন। অন্য সদস্য দেশগুলো এ ব্যাপারে জার্মানি এবং ফ্রান্সকে অনেকটা একঘরে করে ফেলেছে। বিশেষ করে বাজেট ঘাটতিতে থাকা কিংবা ঘাটতির আশঙ্কায় থাকা দেশগুলো ইইউতে বড় ধরনের আর্থিক সংস্কার আনার বিপক্ষে। এএফপি।