লুইজিয়ানায় জরুরি অবস্থা ঘোষণা পরিবেশ ও সামুদ্রিক প্রাণীর ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকো উপসাগরে তেলক্ষেত্রে বিস্ফোরণের ফলে সমুদ্রে ছড়িয়ে পড়া ভাসমান তেলের স্তর যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের উপকূলে পৌঁছে গেছে বলে জানা গেছে। এই অবস্থায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন লুইজিয়ানার গভর্নর ববি জিন্দাল। একই সঙ্গে তেল অপসারণের জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সহযোগিতা চেয়েছেন তিনি।মার্কিন উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ভাসমান তেলের স্তর লুইজিয়ানা উপকূলে পৌঁছানোর খবর নিশ্চিত করতে তারা তদন্তকারীদের সেখানে পাঠিয়েছে। সম্ভাব্য পরিবেশগত বিপর্যয় এড়াতে কাজ শুরু করেছে মার্কিন নৌবাহিনী।মেক্সিকো উপসাগরে তেল ছড়িয়ে পড়ার এ ঘটনাকে ‘জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনা’ হিসেবে চিহ্নিত করেছে মার্কিন সরকার। এর ফলে দেশের সব প্রান্ত থেকে সাহায্য আসবে।এই পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করে লুইজিয়ানার গভর্নর ববি জিন্দাল তেল অপসারণ কাজে ন্যাশনাল গার্ডের ছয় হাজার সদস্য মোতায়েনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে অর্থ সাহায্য চেয়েছেন।হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি জেনেট নেপোলিতানোসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওই অঞ্চলে পাঠিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুধু পরিস্থিতি মোকাবিলা নয়, এই দুর্ঘটনার কারণও তাঁরা নির্ণয় করবেন বলে জানান ওবামা।হোয়াইট হাউসে ওবামা বলেন, ‘তেল অপসারণসহ সব কাজের খরচের জোগান দেওয়ার দায়িত্ব ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি)। তার পরও পরিস্থিতি মোকাবিলায় সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে প্রতিরক্ষা দপ্তরসহ আমার প্রশাসন।’হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস জানিয়েছেন, এই দুর্ঘটনার জন্য উপকূলীয় এলাকা থেকে তেল উত্তোলন বৃদ্ধি করতে প্রেসিডেন্টের সাম্প্রতিক সিদ্ধান্ত পুনর্বিবেচনার কোনো কারণ নেই। তিনি বলেন, ‘এখন আমাদের প্রথম কাজ তেল নিঃসরণ বন্ধ করা ও তেল অপসারণ করা। আর দ্বিতীয় কাজ দুর্ঘটনার কারণ নির্ণয় করা। ’মার্কিন উপকূলরক্ষী বাহিনী এর আগে জানিয়েছে, ওই তেলক্ষেত্রের তিনটি ছিদ্র দিয়ে প্রতিদিন প্রায় পাঁচ হাজার ব্যারেল তেল সাগরের পানিতে মিশছে। তবে বিপির অনুসন্ধান ও উত্পাদনবিষয়ক প্রধান কর্মকর্তা ডউগ সাটলস বলেছেন, তেল নিঃসরণের পরিমাণ নির্ধারণ করতে দূর-নিয়ন্ত্রিত যান ব্যবহার করছে তাঁর কোম্পানি।লুইজিয়ান উপকূলবর্তী সাগর থেকে প্রচুর চিংড়ি এবং ঝিনুক আহরণ করা হয়। তেল ছড়িয়ে পড়ার কারণে চিংড়ি ও ঝিনুকসহ অন্যান্য সামুদ্রিক প্রাণী ও পরিবেশের মারাত্মক ক্ষতি হবে। মিসিসিপি, আলাবামা ও ফ্লোরিডা উপকূলেও এর প্রভাব পড়বে।লুইজিয়ানার বন্যপ্রাণী ও মত্স্য দপ্তর জানিয়েছে, সমুদ্রের পানিতে তেল ছড়িয়ে পড়ার কারণে ৪৪৫ প্রজাতির মাছ, ৪৫ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ৩২ প্রজাতির উভচর প্রাণী ও কচ্ছপ এবং ১৩২ প্রজাতির পাখি হুমকির মুখে পড়বে। বিসিসি, টেলিগ্রাফ।