লুইজিয়ানায় জয় পেলেন স্যানটোরাম
যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশীদের প্রাক্বাছাই লড়াইয়ে লুইজিয়ানায় জয় পেয়েছেন রিক স্যানটোরাম। গত শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়।এ পর্যন্ত ৩৪টি অঙ্গরাজ্যে অনুষ্ঠিত ককাস ও প্রাইমারির নির্বাচনে ১১টিতে জয় পেলেন রক্ষণশীল প্রার্থী স্যানটোরাম। অন্যদিকে ২১টিতে জয়ী হয়ে প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে রয়েছেন মিট রমনি। অন্য দুটি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন নিউট গিংরিচ।লুইজিয়ানার প্রাইমারির ফলাফলে দেখা যায়, পেনসিলভানিয়ার সাবেক সিনেটর স্যানটোরাম ৫০ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর রমনি পেয়েছেন ২৬ শতাংশ ভোট। এর পরের অবস্থানে আছেন সাবেক স্পিকার নিউট গিংরিচ। তিনি ১৬ শতাংশ ভোট পেয়েছেন। মাত্র ৬ শতাংশ ভোট পেয়ে সবার শেষে আছেন টেক্সাস অঙ্গরাজ্যের কংগ্রেসম্যান রন পল।গতকাল রোববার এই জয় উদ্যাপন করেন স্যানটোরাম। তিনি সমর্থকদের উদ্দেশে পাঠানো ই-মেইল বার্তায় বলেন, ‘আমাদের এই অভিযান ইতিহাস সৃষ্টি করেছে। ১৯৭৬ সালে রোনাল্ড রিগ্যানের পর রক্ষণশীল প্রার্থী হিসেবে কেউ এত বেশি অঙ্গরাজ্যে জয়ী হতে পারেননি। আগামী ৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিসহ উইসকনসিন ও ম্যারিল্যান্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে। উইসকনসিনে ভোটারদের মধ্যে পরিচালিত জরিপে দেখা যায়, রমনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৩ শতাংশ এগিয়ে রয়েছেন। এএফপি।