লুকিয়ে বের হন মিশেল চেনে না কেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা প্রায়ই হোয়াইট হাউস থেকে লুকিয়ে বেরিয়ে পড়েন কেনাকাটা সারতে। চুপি চুপি পছন্দের জিনিস কিনে ফিরে আসেন। কিন্তু কেউ তাঁকে চিনতে পারে না। সাধারণ মানুষের চোখ দিব্যি ফাঁকি দিয়ে এই কাজ করেন তিনি।গত বুধবার যুক্তরাষ্ট্রের এনবিসি টেলিভিশনে ‘টুডে শো’ অনুষ্ঠানে প্রচারিত সাক্ষাৎকারে এসব কথা বলেন মিশেল।ফার্স্ট লেডি বলেন, দোকানে গিয়ে কেউ কিছু বুঝে ওঠার আগেই ঝটপট কাজ সেরে চলে আসেন তিনি। কেউ তাঁকে চিনতে না পারায় সত্যিই তা অবাক লাগে।মিশেল আরও বলেন, ‘তারা আমাকে স্টারবাকসের মতো চেইন শপে আশাই করে না।’ তিনি বলেন, দোকানের লোকজন তাঁর দিকে সরাসরি তাকায় ঠিকই, কিন্তু চিনতে পারে না। এ ক্ষেত্রে অবশ্য বেসবল ক্যাপ আর রোদচশমা বেশ কাজে দেয়। এসব পরে নিজেকে লুকান তিনি।মিশেল বলেন, এভাবে লুকিয়ে বাইরে গিয়ে কেনাকাটা করায় স্বাভাবিক জীবনের অনুভূতিটা ঠিক রাখছেন তিনি। মাঝেমধ্যে প্রিয় কুকুর বোকে নিয়েও কেনাকাটা করতে যান মিশেল। এই কুকুরের বিশেষ পরিচিতি রয়েছে। এর পরও কেউ কুকুরটিকে শনাক্ত করতে পারে না।লুকিয়ে কেনাকাটা করতে গেলে অনেক সময় মালিয়া ও সাশাকেও সঙ্গে নেন মিশেল। তিনি বলেন, ‘আমার গোপন বিষয়গুলো প্রকাশ পেয়ে যাচ্ছে। এর পরও লুকিয়ে লুকিয়ে যতটা পারা যায় বাইরে গিয়ে ঘুরে আসি। এটি আমার মেয়েদের স্বাভাবিক জীবন যাপনে সহায়তা করে।’ এএফপি।