ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খান দেশের বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগ এনেছেন। গত শনিবার করাচির জিন্নাহ টার্মিনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ আনেন।পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান বলেন, সরকারি অর্থভান্ডার থেকে গত চার বছরে বিপুল পরিমাণ অর্থ লুটপাটে জড়িত ছিলেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ। দায়িত্ব গ্রহণের পর থেকে বর্তমান সরকার এ পর্যন্ত আট লাখ কোটি রুপি আত্মসাৎ করেছে।দুর্নীতিকে দেশের সবচেয়ে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে যেকোনো দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান ইমরান। প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা প্রসঙ্গে ইমরান বলেন, ‘প্রেসিডেন্ট জারদারির দুর্নীতিকে আড়াল করতেই এসব নাটক হচ্ছে।’এ সময় ইমরানের সঙ্গী সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেন, গিলানির উচিত সুপ্রিম কোর্টের কাছে ক্ষমা চাওয়া এবং সুইস কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে নিয়ে তাদের কাছে চিঠি লেখা। ডন।