লুলার বিরুদ্ধে অভিযোগ দায়ের হচ্ছে

ব্রাজিলে অর্থ পাচারের একটি তদন্তে দেশটির সাবেক প্রেসিডেন্ট লুলা দা সিলভার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে যাচ্ছেন সরকারি কৌঁসুলিরা। কর্মকর্তাদের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
অভিযোগ অস্বীকার করেছেন লুলা। একই সঙ্গে তিনি বলেছেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
রাষ্ট্রীয় তেল সংস্থা পেট্রোবাসে দুর্নীতি তদন্তের অংশ হিসেবে লুলার বিরুদ্ধে অভিযোগ ওঠে।
দেশটির সাও পাওলোর গুয়ারুজা সৈকতে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিকানার বিষয়ে লুলা ও তাঁর স্ত্রী মারিসা লেটিসিয়া প্রশ্নের মুখোমুখি হয়েছেন। তাঁরাসহ ১৬ জনের বিরুদ্ধে অর্থ পাচারের আনুষ্ঠানিক অভিযোগ আনছেন সাও পাওলোর সরকারি কৌঁসুলিরা।
লুলার আইনজীবী ক্রিস্টিয়ানো জানিন মার্টিনস বলেন, তাঁর মক্কেলের (লুলা) বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে তাঁকে আনুষ্ঠানিকভাবে জানার সুযোগ দেওয়া হয়নি। এতে প্রমাণ হয়, লুলার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের পুরো প্রক্রিয়াটিই পক্ষপাতমূলক।