লুলার ভালো কাজকে পুঁজি করতে চান বিরোধী প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনমত জরিপ আর অভিজ্ঞতার ওপর ভর করে ব্রাজিলের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন দেশটির বিরোধী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা হোসে সিরা। শনিবার ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় তিনি এ ঘোষণা দেন।আগামী ৩ অক্টোবর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির পক্ষে প্রার্থী হবেন ডিলমা রোউসেফ। নির্বাচনে হোসে সিরা ও ডিলমা রোউসেফের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হওয়ার আভাস দিয়েছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকেরা।প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণার পর ডিলমা রোউসেফের সঙ্গে হোসে সিরার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেছে। যদিও আগামী জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট প্রার্থীদের নির্বাচনী প্রচার শুরু হবে। ব্রাজিলের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির একজন সদস্য হিসেবে হোসে সিরা এ নির্বাচনে দেশটির কিছু বিনিয়োগকারীরও সমর্থন পাবেন। বিনিয়োগকারীদের এ সমর্থনের মূলে রয়েছে, তাঁর অর্থনৈতিক নীতি এবং প্রশাসন পরিচালনার দক্ষতা। তবে এ নির্বাচনে সিরা কিংবা রোউসেফ যিনিই নির্বাচিত হোন না কেন, একটি বাজারবান্ধব অর্থনীতি প্রতিষ্ঠা হবে, এমনটাই ব্যবসায়ীদের প্রত্যাশা।৬৮ বছর বয়সী হোসে সিরা ছিলেন সাও পাওলো রাজ্যের গভর্নর। ব্রাজিলের আইনে গভর্নর থাকা অবস্থায় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার বিধান না থাকায় গত সপ্তাহে তিনি ওই পদ থেকে পদত্যাগ করেন। তিনি একসময় ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন। কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি করা হোসে সিরা ইঞ্জিনিয়ারিং বিষয়েও প্রশিক্ষণ নিয়েছেন। কর্মজীবনে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির প্রার্থী ডিলমা রোউসেফ বর্তমান প্রেসিডেন্ট লুলা ডি সিলভার চিফ অব স্টাফ হিসেবে কাজ করতেন। প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার জন্য তিনিও ওই পদ ছেড়েছেন।ব্রাজিলের রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, কারও জন্যই এ নির্বাচন সহজ হবে না। দুজনেরই জয়লাভের সমান সম্ভাবনা রয়েছে। হোসে সিরা তাঁর প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করতে নতুন কোনো কৌশল নিয়েছেন। সিরা বর্তমান প্রেসিডেন্ট লুলার কাজের সমালোচনা করার রীতি থেকেও বেরিয়ে আসছেন। বিরোধী দলের নেতারা বলছেন, তাঁরা তাঁদের নির্বাচনী প্রচারে সিরার ব্যাপক প্রশাসনিক অভিজ্ঞতার দিকটিকে সামনে তুলে আনবেন এবং বর্তমান প্রেসিডেন্ট লুলার সময়ে ব্রাজিলের অর্থনৈতিক সমৃদ্ধির দিকটি তুলে ধরে ক্ষমতাসীন দলের প্রার্থী যে প্রচার চালাবেন তা প্রতিহত করবেন। হোসে সিরার উপদেষ্টা বলেছেন, নির্বাচনী প্রচারে তাঁর একটা বড় কাজ হবে ভবিষ্যতের প্রতি গুরুত্ব দেওয়া। তিনি ভোটারদের কাছে লুলার কাজকে আরও সামনে এগিয়ে নেওয়ার কথা বলবেন। তা না হলে ভোটাররা হতাশ হবেন। মধ্যবিত্তের চেয়ে গরিবদের বিষয়গুলোর প্রতিই বেশি নজর দিতে হবে।প্রার্থী হিসেবে রোউসেফেরও জনপ্রিয়তা আছে বেশ। তাঁর আগমনে সিরার জনপ্রিয়তা কিছুটা ভাটা পড়েছিল। তবে সম্প্রতি এক জরিপে দেখা গেছে, সিরা জনপ্রিয়তার দিক থেকে রোউসেফের চেয়ে নয় পয়েন্ট এগিয়ে আছেন। রোউসেফ নির্বাচনী প্রচারের কৌশলে প্রেসিডেন্ট লুলার জনপ্রিয়তাকে কাজে লাগাতে শুরু করেছেন। লুলার নেতৃত্বে ব্রাজিলের অর্থনীতি মন্দা কাটিয়ে দ্রুত ঘুরে দাঁড়িয়েছে। এর ফলে ব্রাজিলে লুলার জনপ্রিয়তা এযাবৎকালের মধ্যে সর্বাধিক ৮০ শতাংশের কাছাকাছি হয়েছে। নির্বাচনী প্রচারে লুলাকে পাশে পেয়েছেন রোউসেফ। বিভিন্ন জনসেবামূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রেসিডেন্ট লুলার পাশে পাশে থাকছেন এবং সেই সুবাদে তিনি গণমাধ্যমে নিজের প্রচারের সুযোগটা নিচ্ছেন।রাজনীতি বিশ্লেষক এমোরি ডি সুজা বলছেন, একজন বিদায়ী প্রেসিডেন্টের জনপ্রিয়তা তাঁর দলের পরবর্তী নেতার প্রেসিডেন্ট হওয়ার নিশ্চয়তা দেয় না। চিলির প্রেসিডেন্ট মিশেল ব্যাসেলেটও তাঁর দলের প্রার্থীকে প্রেসিডেন্ট করতে পারেননি। তা ছাড়া বর্তমান প্রেসিডেন্ট নিজেই এ ব্যাপারে তাঁর সন্দেহ প্রকাশ করেছেন। রয়টার্স।