লেখিকা সুস্মিতাকে হত্যায় আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় লেখিকা সুস্মিতা ব্যানার্জিকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুজন জঙ্গিকে আটক করেছে আফগান পুলিশ। দেশটির পাকতিকা প্রদেশের পুলিশপ্রধান গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন।
সুস্মিতাকে গত বুধবার ওই প্রদেশে তাঁর আফগান স্বামীর বাড়ি থেকে একদল বন্দুকধারী তুলে নিয়ে যায়। পরের দিন গুলিতে ঝাঁজরা অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।
প্রাদেশিক পুলিশপ্রধান দৌলত খান জাদরান গতকাল জানান, রাস্তার পাশে বোমা পুঁতে রাখার চেষ্টার সময় দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। সুস্মিতার আফগান স্বামীর দেওয়া বিবরণ ওই দুজনের সঙ্গে মিলে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে একজন ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।
দৌলত খান আরও বলেন, জিজ্ঞাসাবাদে ওই দুই জঙ্গি বলেছেন, সুস্মিতা লেখালেখির মাধ্যমে তালেবানের সুনাম ক্ষুণ্ন করেছিলেন। এ ছাড়া তিনি বাড়িতে ইন্টারনেট সংযোগ নিয়ে ভারতের পক্ষে গুপ্তচরের কাজ করছিলেন। এ জন্য তাঁকে হত্যা করা হয়।
সুস্মিতাকে হত্যার দায় অস্বীকার করেছে তালেবান। পুলিশ কর্মকর্তা দৌলত খান বলেন, আটক দুই ব্যক্তি নিজেদের হাক্কানি জঙ্গিগোষ্ঠীর সদস্য বলে দাবি করেছেন।
ভারতের কলকাতার মেয়ে সুস্মিতা ১৯৮৯ সালে আফগান ব্যবসায়ী জানবাজ খানকে বিয়ে করে সে দেশে পাড়ি জমান। তিনি পাকতিকায় একটি ওষুধের দোকান চালাতেন। ১৯৯৩ সালে প্রদেশটিতে কট্টরপন্থী তালেবান জঙ্গিরা আস্তানা গাড়ার পর একপর্যায়ে সুস্মিতার দোকানটি বন্ধ করে দেয়। রয়টার্স।