লেগোতে মেয়েশিশুর সৌন্দর্য টিপস!

কী করে আরও সুন্দর হবে, এ ব্যাপারে কিছু টিপস দেওয়া আছে। তা আবার খেলার সরঞ্জামে। এগুলো হচ্ছে লেগো। মেয়েশিশুরা যখন এই লেগো দিয়ে নানারকম জিনিস বানাবে, তখন শিখে নেবে এই টিপস। তবে এই কৌশলে বেজায় চটেছেন শিশুদের মায়েরা।
শিশুদের এক ধরনের খেলনা ‘লেগো’। শিশুরা এই প্লাস্টিকের ব্লক দিয়ে বিভিন্ন ধরনের ভবন, গাড়ি ও বাড়ি বানায়। সাম্প্রতিক বছরগুলোতে লেগোতে নকশায় বড় পরিবর্তন এনেছে লোগো ফ্রেন্ডস লাইন নামের নির্মাতা প্রতিষ্ঠান। ভবন বা গাড়ির নকশার পরিবর্তে সাত বছরের মেয়ে কীভাবে মুখশ্রী সুন্দর করে তুলবে, সে টিপস জুড়ে দেওয়া হয়েছে লেগোতে।
দ্য ইনডিপেনডেন্ট পত্রিকার খবরে জানানো হয়, লেগো প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে লিঙ্গভিত্তিক খেলনা বানানোর অভিযোগ এনেছেন অভিভাবকেরা।
লোগো ফ্রেন্ডস কোম্পানিটি তাদের বানানো লেগোতে এমার চরিত্রটি ফুটিয়ে তুলেছে। নির্দিষ্ট কোনোর চরিত্রের মতো চুলের ছাঁট পাওয়ার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।
‘হ্যাঁ, তুমি অবশ্যই সুন্দর। তুমি যদি চেহারা পরিবর্তনে তৈরি থাকো, তবে কিছু টিপস ও কৌশল পড়ে নাও। কীভাবে তোমার চেহারার সঙ্গে মিল রেখে চুল সাজাবে, তা জেনে নাও।’
লেগোর গায়ে এমন বাক্য জুড়ে দেওয়া হয়েছে।
এমন লেগো নিয়ে খেলার পর মেয়েশিশুরা তাদের সুন্দর চেহারাগুলো বিভিন্ন ভঙ্গিতে কীভাবে আরও সুন্দর করা যেতে পারে—তা অভিভাবকদের কাছে জানতে চাইছে।
এ ব্যাপারে প্রতিবেদন প্রকাশের পর অভিভাবকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের মতামত দিতে শুরু করেন। সেখানে সাত থেকে ১২ বছরের একটি মেয়ের পছন্দের চুলের সাজ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও মনে করেন তাঁরা।
শ্যারন হলব্রুক নামের একজন অভিভাবক বলেন, ডিম্বাকৃতির চেহারার জন্য কোন ধরনের চুলের সাজ নেওয়া উচিত, তা সাত বছরের মেয়ে তাঁর কাছে জানতে চায়। এ প্রতিবেদনটি প্রকাশের পর তিনি বিষয়টি নিয়ে সতর্ক হয়েছেন। বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন।
২০১১ সাল থেকে লেগো ফ্রেন্ডস মেয়েদের লক্ষ্য করে এমন খেলনা বানাতে শুরু করে। পুরোনো নকশাগুলোর বদলে লেগোতে টিপস দিতে শুরু করে।