লেনন-হ্যারিসনের গিটার চার লাখ ডলারে বিক্রি

বিশ্ববিখ্যাত ব্যান্ডদল বিটলসের সদস্য প্রয়াত জর্জ হ্যারিসন ও জন লেননের ব্যবহূত একটি ইলেকট্রিক গিটার নিলামে চার লাখ আট হাজার ডলারে বিক্রি হয়েছে। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে এক নিলাম অনুষ্ঠানে বিশেষভাবে তৈরি গিটারটি বিক্রি হয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক জুলিয়ানস অকশনস নামের একটি নিলামকারী প্রতিষ্ঠানের বরাত দিয়ে আজ রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।
ভিওএক্স কোম্পানির তৈরি গিটারটির ক্রেতার পরিচয় জানায়নি নিলামকারী প্রতিষ্ঠান। তবে তারা জানিয়েছে, গিটারটি তাদের অনুমিত দামের চেয়ে দুই থেকে তিন লাখ বেশি দামে বিক্রি হয়েছে।
নিলামকারী প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ১৯৬৭ সালে ‘আই এম দ্য ওয়ালরাস’ গান গাওয়ার সময় হ্যারিসন এ গিটারটি বাজান। আর ‘হ্যালো গুডবাই’ গানের ভিডিওচিত্রে লেননকে এ গিটারটি ব্যবহার করতে দেখা গেছে। পরে গিটারটি জন লেনন বিটলসের সদস্য বন্ধু অ্যালেক্সকে জন্মদিনের উপহার হিসেবে দিয়েছিলেন।