লেননের স্মরণে ডাকটিকিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটলস-তারকা জন লেনন স্মরণে স্মারক ডাকটিকিট প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সমর্থনে নিউইয়র্কে কনসার্ট করেছিল বিটলস। লেনন ছিলেন ওই ব্যান্ড দলটির অন্যতম তারকা।
যুক্তরাষ্ট্রের নাগরিক নন, এমন কারও ছবি সাধারণত দেশটির ডাকটিকিটে ছাপা হয় না। কিন্তু এ ক্ষেত্রে যুক্তরাজ্যে জন্ম নেওয়া লেনন হবেন ব্যতিক্রমের মধ্যে একজন।
এর আগে ১৯৬৫ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের এবং ২০১০ সালে নোবেল বিজয়ী মাদার তেরেসার ছবি যুক্তরাষ্ট্রের ডাকটিকিটে ছাপা হয়েছিল।
১৯৭১ সালেই লেনন স্থায়ীভাবে পাড়ি জমান নিউইয়র্কে। ভিয়েতনাম যুদ্ধের বিরোধিতা করায় মার্কিন কর্তৃপক্ষের রোষানলেও পড়তে হয়েছিল তাঁকে। ১৯৮০ সালে নিউইয়র্কে নিজ অ্যাপার্টমেন্টের দোরগোড়ায় আততায়ীর গুলিতে নিহত হন তিনি।
মার্কিন সংস্কৃতিতে বিটলস ও লেননকে স্মরণ করতেই তাঁর নামে স্মারক ডাকটিকিট প্রকাশ করা হচ্ছে। লেননের জন্ম ১৯৪০ সালের ৯ অক্টোবর, ইংল্যান্ডের লিভারপুলে। মা জুলিয়া স্ট্যানলি ও বাবা আলফ্রেড লেনন থাকতেন আলাদা। তাই লেননের বেড়ে ওঠা তাঁর খালা মিমি স্মিথের কাছে।
লেনন নিজেকে প্রতিষ্ঠিত করেন বিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার হিসেবে। বিটলসের প্রতিষ্ঠাতা হিসেবেও স্মরণীয় তিনি।