লেবানন সরকারে সব দলের অংশগ্রহণ চায় হিজবুল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেবাননের শিয়া জঙ্গিসংগঠন হিজবুল্লাহ লেবানন সরকারে সব দলের অংশগ্রহণ চায়। হিজবুল্লাহ বলেছে, তাদের মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী হলে প্রতিদ্বন্দ্বী রাজনীতিবিদদের সমন্বয়ে সরকার গঠনে তাদের আপত্তি নেই। নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে এমপিদের বৈঠকের কয়েক ঘণ্টা আগে গত রোববার সংগঠনটি এ কথা জানিয়েছে।হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ টেলিভিশন বক্তৃতায় বলেন, ‘আমাদের প্রার্থী প্রধানমন্ত্রী হলে তাঁকে জাতীয় অংশীদারির সরকার গঠনের আহ্বান জানাব, যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে।’নাসরুল্লাহ বলেন, ‘প্রত্যেকের অংশগ্রহণের অধিকারকে আমরা সম্মান করি।’ তিনি বলেন, ‘লেবাননে ইরানের আদলে বা শিয়া সরকার গঠনে হিজবুল্লাহ পরিকল্পনা করছে বলে যে অভিযোগ উঠেছে তা বানোয়াট, বিভ্রান্তিকর ও পুরোপুরি মিথ্যা।’এর আগে ইসরায়েলের উপপ্রধানমন্ত্রী সিলভান শালন সতর্কবাণী করেন, হিজবুল্লাহর নেতৃত্বে সরকার গঠনের অর্থই হবে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে ইরানি আদলের সরকার প্রতিষ্ঠা। মার্কিন-সমর্থিত সাদ হারিরির ঐকমত্যের সরকার থেকে হিজবুল্লাহ বেরিয়ে আসার পর গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে বিবদমান দলগুলো শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে। এ প্রেক্ষাপটে লেবাননে বিভিন্ন দলের মধ্যে সংঘর্ষের আশঙ্কা জোরালো হয়ে উঠেছে।নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে বিভিন্ন সংসদীয় দলের সঙ্গে প্রেসিডেন্ট মিশেল সোলাইমানের দুই দিনব্যাপী আলোচনা শুরুর কয়েক ঘণ্টা আগে নাসরুল্লাহ এসব কথা বলেন। তেহরান ও দামেস্ক হিজবুল্লাহকে মদদ দিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। এদিকে হিজবুল্লাহ ও তার মিত্ররা প্রধানমন্ত্রী হিসেবে হারিরির পুনরায় মনোনয়নকে নাকচ করে দিয়েছে। তবে হারিরিকে সমর্থন জোগাচ্ছে সৌদি সরকার। হারিরি এখনো দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা চালাচ্ছেন।নাসরুল্লাহ বলেন, ‘একজনের বিষয়ে আমরা একমত হতে পারিনি। এর অর্থ এই নয় যে, লেবাননের কোনো দলকে বর্জন বা বাতিল করার জন্য প্রতিরোধ করা হয়েছে।’প্রধানমন্ত্রী হিসেবে হারিরি ও হিজবুল্লাহ-সমর্থিত এক প্রার্থীকে কেন্দ্র করে লেবাননের ১২৮ সদস্যবিশিষ্ট পার্লামেন্টের সব সদস্য প্রায় সমানভাগে বিভক্ত হয়ে পড়েছেন। পার্লামেন্টে হারিরির নেতৃত্বে ৬০ জন ও হিজবুল্লাহর নেতৃত্বে ৫৭ জন সদস্য রয়েছেন। এএফপি।