লেবাননকে ৩০০ কোটি ডলারের সৌদি মঞ্জুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেবাননের সেনাবাহিনীর জন্য ৩০০ কোটি মার্কিন ডলারের মঞ্জুরি সহায়তা দেবে সৌদি আরব। লেবাননের প্রেসিডেন্ট মাইকেল সুলেমান রোববার এক টেলিভিশন ভাষণে এ কথা জানিয়েছেন। গাড়িবোমা হামলায় নিহত সাবেক মন্ত্রী মোহাম্মদ চাতাহর দাফনের পর প্রেসিডেন্ট সুলেমান ওই ভাষণে বলেন, সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সৌদি সহায়তা কাজে লাগবে।
প্রেসিডেন্ট সুলেমান উল্লেখ করেন, লেবাননের ইতিহাসে এটিই সবচেয়ে বড় অঙ্কের মঞ্জুরি পাওয়ার ঘটনা। এ অর্থ ফ্রান্স থেকে অস্ত্র কেনার কাজে খরচ করা হবে। এতে সন্ত্রাসবাদ দমন ও অস্ত্রের বিস্তার রোধে সেনাবাহিনী বিশেষ সুযোগ পাবে। লেবাননকে সৌদি আরবের এ সহায়তা দেওয়াকে ইরানের প্রভাব কমানোর সুস্পষ্ট চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। শক্তিশালী শিয়া বাহিনী হিজবুল্লাহর মাধ্যমে ইরান লেবাননের ওপর ব্যাপক প্রভাব বজায় রেখেছে।
হামলায় নিহত সুন্নি মুসলিম নেতা চাতাহ ছিলেন সিরিয়ার শিয়া প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং তাঁর সমর্থক হিজবুল্লাহর একজন কট্টর সমালোচক। সিরিয়ায় চলমান লড়াই নিয়ে পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে সৌদি আরব ও হিজবুল্লাহ।
বিশ্লেষকেরা মনে করছেন, প্রেসিডেন্ট সুলেমান ওই বক্তব্যের মধ্য দিয়ে পরোক্ষভাবে লেবাননের রাজনীতিতে একটি স্পর্শকাতর বিষয়ের (হিজবুল্লাহর অনিয়ন্ত্রিত ক্ষমতা) প্রতি ইঙ্গিত করেছেন। হিজবুল্লাহ বাশার আল-আসাদের পক্ষে সক্রিয় রয়েছে। বিষয়টি নিয়ে প্রতিবেশী সিরিয়ার সঙ্গে লেবাননের সম্পর্কে টানাপোড়েন চলছে। সৌদি আরব হিজবুল্লাহর বিরোধী পক্ষ সিরীয় সুন্নি বিদ্রোহীদের প্রতি সমর্থন দিচ্ছে। এ ছাড়া সিরিয়ার পশ্চিমাপন্থী জোটের প্রতিও সৌদি সমর্থন রয়েছে।
সিরিয়া যুদ্ধ নিয়ে লেবাননে শিয়া-সুন্নি বিরোধ তুঙ্গে উঠেছে। দেশটিতে এ পর্যন্ত এ নিয়ে কয়েক দফা সন্ত্রাসী হামলা হয়েছে। মোহাম্মদ চাতাহ গত শুক্রবার এক গাড়িবোমা হামলায় নিহত হন। হামলায় আরও ছয়জন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়। তবে হিজবুল্লাহ বা সিরিয়া কেউই ওই হামলার দায় স্বীকার করেনি।
এদিকে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, তাঁর দেশ লেবাননের কাছ থেকে কোনো রকম অস্ত্রের চাহিদা এলে সাড়া দেবে। বিবিসি।