লেবাননে আসাদপন্থীও বিরোধীদের মধ্যে সহিংসতা, নিহত ১৪
লেবাননের উত্তরাঞ্চলীয় ত্রিপোলি শহরে ব্যাপক সহিংসতার পর গতকাল রোববার সেনা মোতায়েন করা হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থক ও বিরোধীদের মধ্যে ওই সহিংসতায় এ পর্যন্ত ১৪ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।উভয় পক্ষের বন্দুকধারীদের মধ্যে গত শুক্রবার সারা রাত প্রচণ্ড লড়াই হয়। ওই সহিংসতায় গত শনিবার পর্যন্ত ১৪ জন নিহত হয়। তবে সেনা মোতায়েনের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এসেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক লোকজনও আছেন। সিরিয়ার বর্তমান অস্থিরতা সীমানা অতিক্রম করতে পারে বলে জাতিসংঘের বিশেষ দূত কফি আনান আগেই সতর্ক করে দিয়েছিলেন। হাজার হাজার সিরীয় শরণার্থী বর্তমানে লেবাননে অবস্থান করছে।সহিংসতা দমনের লক্ষ্যে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ত্রিপোলির বিভিন্ন নেতা ও নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে বৈঠক করে শহরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেন। রয়টার্স, এএফপি, বিবিসি।