লেবাননে আহমাদিনেজাদকে উষ্ণ অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ দুই দিনের সফরে গতকাল বুধবার লেবাননে পৌঁছেছেন। লেবাননের শিয়া অনুসারীরা তাঁকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। তবে পশ্চিমারা আশঙ্কা প্রকাশ করেছে, এ সফরের মধ্য দিয়ে লেবাননের ওপর তেহরানের প্রভাব বিস্তারের সুযোগ আরও বেড়ে যাবে। ২০০৫ সালে ক্ষমতা নেওয়ার পর এটাই হলো আহমাদিনেজাদের প্রথম লেবানন সফর। বৈরুতের বিমানবন্দর থেকে প্রেসিডেন্ট প্রাসাদ পর্যন্ত রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষ ফুল ছিটিয়ে ইরানের প্রেসিডেন্টকে অভিনন্দন জানায়। তাদের হাতে ছিল ব্যানার, বেলুন ও পতাকা। ছাদখোলা গাড়িতে করে যাওয়ার সময় আহমাদিনেজাদ হাত উঁচিয়ে অভিনন্দনের জবাব দেন। আহমাদিনেজাদকে অভিনন্দন জানাতে রাস্তার দুই পাশে তাঁর নিজের, ইরানের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও দেশটির ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ছবিসংবলিত বিলবোর্ড দিয়ে সাজানো হয়। আহমাদিনেজাদকে অভিনন্দন জানাতে আসা মাহমুদ দারবিশ বলেন, ‘২০০৬ সালে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর যুদ্ধের হামলার সময় তিনি (আহমাদিনেজাদ) আমাদের সঙ্গে ছিলেন। তাঁকে স্বাগত জানাতে এখানে একটু অপেক্ষা করা এমন কিছু নয়। তাঁর জন্য সারা দিনও অপেক্ষা করতে পারি। লেবানন পুনর্গঠনে তিনি সহায়তা করেছেন। তিনি যদি এটা না করতেন, আমাদের এখনো তাঁবুতে থাকতে হতো।’ লেবাননের প্রেসিডেন্ট মিচেল সুলাইমান ও প্রধানমন্ত্রী সাদ হারিরির সঙ্গে বৈঠকের কথা রয়েছে ইরানের প্রেসিডেন্টের। এ ছাড়া ইসরায়েল সীমান্তবর্তী লেবাননের উত্তেজনাপূর্ণ একটি এলাকা পরিদর্শন করবেন তিনি। ২০০৬ সালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধে এলাকাটি ধ্বংস হয়ে যায়। পরে ইরানের সাহায্যে এলাকার একটা অংশ পুনর্গঠন করা হয়। বৈরুতে হিজবুল্লাহ আয়োজিত একটি সমাবেশেও যোগ দেওয়ার কথা রয়েছে আহমাদিনেজাদের।ইরানের প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানানো হলেও লেবাননের পশ্চিমপন্থী সাংসদদের অধিকাংশ সদস্য এ সফরকে উসকানি হিসেবে দেখছেন। হিজবুল্লাহর প্রতিদ্বন্দ্বী সাংসদেরা এক বিবৃতিতে বলেছেন, ‘আহমাদিনেজাদ এ অঞ্চলে লেবাননকে ইরানের একটি ঘাঁটিতে পরিণত করতে চাইছেন।’ এর আগে গত সপ্তাহে ইরানের প্রেসিডেন্টের লেবানন সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বিবিসি, এএফপি।