লেবাননে শুক্রবারের ভয়াবহ বোমা হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনায় দেশটিতে গতকাল শনিবার জাতীয় শোক পালন করা হয়েছে। দুটি সুন্নি মসজিদের বাইরে শুক্রবার জুমার নামাজের পর ওই হামলায় ৪৫ জন নিহত হন।প্রতিবেশী সিরিয়ার গৃহযুদ্ধকে কেন্দ্র করে বিভক্ত হয়ে পড়া লেবাননে ১৯৭৫-১৯৯০ সালের দীর্ঘ গৃহযুদ্ধের পর এটিই সবচেয়ে রক্তক্ষয়ী হামলার ঘটনা। এ ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে নিন্দার ঝড় উঠেছে।রাজধানী বৈরুতে প্রভাবশালী শিয়া গোষ্ঠী হিজবুল্লাহর ঘাঁটিতে বোমা হামলার এক সপ্তাহ পর সুন্নি মসজিদ লক্ষ্য করে এ হামলায় লেবাননে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থক ও তাঁর বিরোধীদের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। হিজবুল্লাহ প্রেসিডেন্ট আসাদের ঘনিষ্ঠ সহযোগী। অন্যদিকে সুন্নিরা আসাদবিরোধী বিদ্রোহীদের সমর্থক। আসাদের পরিবার আলাবি শিয়া গোষ্ঠীর সদস্য।লেবাননের ত্রিপোলি শহরে সুন্নিদের সঙ্গে প্রায়ই প্রেসিডেন্ট আসাদের সমর্থক আলাবি শিয়া সম্প্রদায়ের লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। ত্রিপোলির এই হামলার সঙ্গে ১৫ আগস্ট সংঘটিত বৈরুতের হামলার সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেছে হিজবুল্লাহ। তারা বলেছে, লেবাননকে হানাহানি ও ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার অংশ এসব হামলা।হিজবুল্লাহকে দায়ী করেছে আল-কায়েদা: আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার একটি শাখা আল-কায়েদা ইন ইসলামিক মাগরেব (একিউআইএম) ত্রিপোলি হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছে। একই সঙ্গে গোষ্ঠীটি এর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। গোয়েন্দা তথ্যের ওপর নজর রাখে যুক্তরাষ্ট্রভিত্তিক এমন একটি ওয়েবসাইট গতকাল এ খবর জানায়। লেবাননে এ মুহূর্তে একিউআইএমের কার্যক্রম নেই। তাদের বিবৃতিতে হিজবুল্লাহর বিরুদ্ধে সুন্নি গোষ্ঠীর ক্রমবর্ধমান ঘৃণা এবং ব্যাপকতর অর্থে, মধ্যপ্রাচ্যের জাতিগত বিভক্তি প্রকট হওয়ার বিষয়টি ফুটে উঠেছে। এএফপি ও রয়টার্স।