লেবাননে আত্মঘাতী বোমায় নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেবাননের পূর্বাঞ্চলে আজ সোমবার ভোরে আত্মঘাতী কয়েকটি বোমা হামলার ঘটনায় তিন হামলাকারীসহ আটজন নিহত হয়েছে। সিরিয়া সীমান্তের কাছে আল কা গ্রামে এ হামলা হয়।

একটি সেনাসূত্র এএফপিকে জানায়, খ্রিষ্টান-অধ্যুষিত আল কা গ্রামে আজ অন্তত চারটি আত্মঘাতী বোমা হামলা চলে।

একটি সূত্র জানায়, প্রথম হামলাকারী গ্রামের একটি ঘরে কড়া নাড়ে। এ সময় ঘরের লোকজনের সন্দেহ হলে হামলাকারী নিজেকে উড়িয়ে বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় ওই জায়গায় লোকজন জড়ো হতে থাকে। এরপর তিনজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।

লেবাননের রেডক্রসের জেনারেল সেক্রেটারি জর্জেস কেটানেহ বলেন, বিস্ফোরণে তিন হামলাকারী ও পাঁচজন সাধারণ মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ জন।

লেবাননের জাতীয় বার্তা সংস্থা জানায়, ১০ মিনিটের ব্যবধানে বিস্ফোরণের ঘটনাগুলো ঘটে। এতে ওই এলাকায় দায়িত্ব পালনকারী সেনাদের তিন সদস্যও আহত হন।

২০১১ সাল থেকে সিরিয়ায় যুদ্ধাবস্থা বিরাজ করার পর থেকে আশপাশের সীমান্তবর্তী এলাকাগুলোতে সংঘর্ষ ও গোলাগুলি চলে আসছে।