লেবাননে হামলার ঘটনা তদন্তে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র
লেবাননের রাজধানী বৈরুতে গাড়িবোমা হামলার ঘটনা তদন্তে লেবাননকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার ওই হামলায় দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর (আইএসএফ) গোয়েন্দা শাখার প্রধান উইসাম আল হাসান নিহত হন। ওই ঘটনায় গত রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২০০ জন আহত হয়েছেন। লেবাননের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক নেতাদের যে কোনো মন্তব্য করার সময় ‘সতর্ক’ থাকার আহ্বান জানিয়েছে দেশটির সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড এক বিবৃতিতে জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও লেবাননের প্রধানমন্ত্রী মিকাতি টেলিফোনে কথা বলেছেন। এতে তাঁরা উইসাম নিহত হওয়ার ঘটনা যৌথভাবে তদন্ত করার ব্যাপারে একমত হয়েছেন। হিলারি ক্লিনটন বলেন, লেবাননের নিরাপত্তা, স্থিতিশীলতা, সার্বভৌমত্ব ও স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ।রোববার উইসামের দাফন অনুষ্ঠানের কয়েক ঘণ্টা পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী নাজিব মিকাতির পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সরকার পক্ষের অভিযোগ, একপর্যায়ে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলা চালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়। এতে সহিংসতা ছড়িয়ে পড়লে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে ফাঁকা গুলি ছোড়ে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। প্রধানমন্ত্রী মিকাতির ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সহিংসতায় নিরাপত্তা বাহিনীর ১৫ জন সদস্য আহত হন।একজন পুলিশ সদস্য জানান, সহিংসতায় অন্তত ২০০ ব্যক্তি আহত হন। এ ঘটনার পর লেবাননের সাবেক প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরা বর্তমান প্রধানমন্ত্রী মিকাতিকে পদত্যাগের আহ্বান জানান। ফুয়াদ বিরোধী জোটের অনত্যম নেতা। তিনি বলেন, উইসাম নিহত হওয়ার পর তাঁর মতো অনেকেই প্রধানমন্ত্রী মিকাতির পদত্যাগের দাবি তুলেছেন।গত শুক্রবার গাড়িবোমা হামলায় উইসামসহ তিনজন নিহত ও ১২৬ জন আহত হন। এ ঘটনায় সিরিয়াকে দোষারোপ করা হচ্ছে। এদিকে লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে দেশটির পরিস্থিতিকে ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করেছে। এই পরিস্থিতি মোকাবিলায় মন্তব্য করার সময় সতর্ক থাকতে সব রাজনৈতিক নেতার প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে এই কঠিন পরিস্থিতিতে লেবাননের প্রতিটি নাগরিককে দেশ ও জাতির প্রতি দায়িত্বশীল হওয়ারও আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, সাধারণ আবেগ দিয়ে বর্তমান কঠিন পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব নয়। এজন্য দায়িত্বশীল হতে হবে। এএফপি, বিবিসি।