প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে লেবাননের রাজধানী বৈরুতের একটি হাসপাতালে গতকাল শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দেশটির আল-কায়েদার প্রধান মাজিদ বিন মুহাম্মদ আল-মাজিদ।
লেবাননের কর্মকর্তারা জানান, কিডনি বিকল হয়ে মাজিদ গতকাল মারা গেছেন। সৌদি আরবের নাগরিক কমান্ডার মাজিদ লেবাননে সক্রিয় জঙ্গিগোষ্ঠী আবদুল্লাহ আজম ব্রিগেডের নেতৃত্বে ছিলেন। নিজ দেশেও শীর্ষ সন্ত্রাসীর তালিকায় ছিলেন তিনি। সম্প্রতি লেবাননে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েন এই জঙ্গি নেতা।
শুক্রবার মাজিদকে বৈরুতের একটি সামরিক হাসপাতালে নেওয়া হয়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে সহিংসতার জন্য আবদুল্লাহ আজম ব্রিগেডকে দায়ী করা হয়ে থাকে। গত নভেম্বরে বৈরুতে ইরানি দূতাবাসে বোমা হামলার দায়ও স্বীকার করেছে জঙ্গি সংগঠনটি। ওই হামলায় অন্তত ২৫ জন নিহত হন। এএফপি।