লেবার দলের নেতা নির্বাচন নিয়ে বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির নেতা নির্বাচন নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। নেতা হওয়ার দৌড়ে যে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁদের নেতৃত্বের সামর্থ্য নিয়ে যেমন সন্দেহ রয়েছে তেমনি নির্বাচন পদ্ধতি নিয়েও দলের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে।

অভিযোগ উঠেছে, সঠিক ও যোগ্য নেতা নির্বাচন বানচাল করে দিতে অন্য দলের সমর্থকেরা লেবার নেতা নির্বাচনে ভোট দিতে নিবন্ধন করেছেন।
প্রার্থীদের ব্যক্তিগত নৈপুণ্যের বিষয়ে এমন কথাও বলা হচ্ছে, ‘এঁরা যা বলছেন তার চাইতে নতুন কিছু বলার যোগ্যতা না থাকলে ধরে নিতে হবে পরবর্তী নির্বাচনেও লেবার দল হারবে’।
নির্বাচনে প্রার্থী হওয়া চার প্রার্থীর মধ্যে এন্ডি বার্ণহাম ও ইভেট কুপারের সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। বাকি দুই প্রার্থী জেরেমি করবিন ও লিজ ক্যান্ডালের সরকারি দায়িত্ব পালনে কোনো অভিজ্ঞতা নেই। লিজ ক্যান্ডাল ২০১০ সালে প্রথম এমপি নির্বাচিত হন। তিনি লেবার দলের ছায়া প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। জেরেমি করবিন ৩০ বছরের বেশি সময় ধরে এমপি হলেও তিনি কখনো মন্ত্রিসভা কিংবা ছায়া মন্ত্রিসভায় স্থান পাননি। যুদ্ধ ও পারমাণবিক অস্ত্রের বিরোধিতা, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অবস্থান, সাম্যবাদী আন্দোলন ও শ্রমিক অধিকারের প্রচারে যুক্ত থাকা করবিন একজন চরম বামপন্থী নেতা বলে পরিচিত।
ক্যামেরন সরকারের কৃচ্ছ্রসাধন নীতির বিপরীতে অবস্থান নিয়ে যাতায়াত ও জ্বালানি খাতকে সরকারীকরণের কথা বলছেন করবিন। তিনি বলছেন, তাঁর নেতৃত্বে লেবার দল ক্ষমতায় গেলে যুক্তরাজ্য পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে। অভিবাসন ও রাষ্ট্রীয় কল্যাণের বিষয়েও করবিনের নীতি বেশ উদার। এর বিপরীতে অপর তিন প্রার্থী অনেকটা সম অবস্থান থেকে যে বক্তব্য রাখছেন তা করবিনের নীতির বিপরীত হলেও আসল প্রতিপক্ষ কনজারভেটিভের নীতির চাইতে খুব একটা ভিন্ন নয়। লেবার দলের প্রভাবশালী নেতা সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, গর্ডন ব্রাউন, ডেভিড মিলিব্যান্ডসহ কয়েকজন নেতা প্রকাশ্যে করবিনের বিরোধিতা করে বলেছেন, করবিনকে নেতা নির্বাচন করা হবে আত্মঘাতী।
বিভিন্ন জরিপ বলছে, জেরেমি করবিন অন্য তিন প্রার্থীর তুলনায় বেশ ব্যবধানে এগিয়ে রয়েছেন। অভিযোগ উঠেছে, করবিনকে নেতা নির্বাচিত করতে বামপন্থী দলের সমর্থকেরা লেবার দলের সদস্য হিসেবে নিবন্ধিত হচ্ছেন। আবার করবিনের নেতৃত্বে লেবার দল মাথা তুলে দাঁড়াতে পারবে না বিবেচনায় ক্ষমতাসীন কনজারভেটিভ দলও একই কাজ করছে। এবার লেবার নেতা নির্বাচনে ভোট দেওয়ার জন্য তিন পাউন্ডের বিনিময়ে যে কাউকে নিবন্ধিত হওয়ার সুযোগ করে দেয় লেবার পার্টি।
গত মে মাসের নির্বাচনের পর লেবার সদস্য ও নিবন্ধিত সমর্থকের সংখ্যা দ্বিগুণ বেড়ে হয়েছে প্রায় সাড়ে ছয় লাখ। এসব সদস্যের ঘরে ঘরে গত ১৪ আগস্ট থেকে ব্যালট পেপার পাঠানো শুরু হয়। ১০ সেপ্টেম্বরের মধ্যে ভোট দিয়ে এসব ব্যালট ফেরত পাঠাতে হবে। ১২ সেপ্টেম্বর লেবার দলের নতুন নেতার নাম ঘোষণা হবে।
অর্থনৈতিক মন্দা ও অভিবাসন নিয়ন্ত্রণের ব্যর্থতার অভিযোগে ২০১০ সালের নির্বাচনে লেবার পার্টি ক্ষমতা হারায়। চলতি বছরের ৭ মে অনুষ্ঠিত নির্বাচনেও দলটি ডেভিড ক্যামেরনের নেতৃত্বাধীন কনজারভেটিভ দলের কাছে আরও ভয়াবহভাবে ধারশায়ী হয়। পরাজয়ের দায় নিয়ে নির্বাচনের পরদিন পদত্যাগ করেন দলটির নেতা এড মিল্যিবান্ড। সেই থেকে শুরু হয় নতুন নেতা নির্বাচনের তোড়জোড়, যিনি সংসদে ক্যামেরনকে শক্তভাবে চ্যালেঞ্জ করার পাশাপাশি ২০২০ সালে দলকে ক্ষমতায় ফেরানোর নেতৃত্ব দিতে পারবেন।