লেবার পার্টির নেতৃত্বে থাকছেন করবিনই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড় ধরনের জয় পেয়ে লেবার পার্টির নেতৃত্বে ফিরেছেন জেরেমি করবিন। ছবি: রয়টার্স
বড় ধরনের জয় পেয়ে লেবার পার্টির নেতৃত্বে ফিরেছেন জেরেমি করবিন। ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির নেতা নির্বাচনে বড় ধরনের জয় পেয়ে আবারও নেতৃত্বে ফিরেছেন জেরেমি করবিন। প্রতিদ্বন্দ্বী ওয়েন স্মিথকে তিনি প্রায় ২৩ শতাংশ ব্যবধানে হারিয়েছেন। শনিবার লিভারপুলে লেবার দলের সম্মেলনে নেতা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

অবশ্য করবিন ‘নেতৃত্বে ফিরেছেন’ কথাটি বলা পুরোপুরি উপযুক্ত নয়। কেননা, মাত্র এক বছর আগেই তো তিনি দলীয় সদস্যদের ৫৮ শতাংশ ভোট পেয়ে লেবার দলের হাল ধরেছিলেন। সে হিসাবে ২০২০ সালের জাতীয় নির্বাচন পর্যন্ত তারই দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল। কিন্তু নিজ দলের সংখ্যাগরিষ্ঠ এমপির অনাস্থা ভোট আর চ্যালেঞ্জের কারণে করবিনকে পুনরায় নেতৃত্ব ধরে রাখার লড়াইয়ে নামতে হয়।

দলের এমপিরা করবিনের প্রতি যতই বিরূপ হোন না কেন, লেবার দলের তৃণমূলের সদস্যরা এবার আরও জোর গলায় জানিয়ে দিয়েছেন যে করবিনের নেতৃত্ব এমপিদের মেনে নিতে হবে।

বামপন্থী ও যুদ্ধবিরোধী রাজনীতিক করবিনও তাঁর বিজয়ী ভাষণে দলীয় ঐক্যের প্রতিই জোর দিয়েছেন। বলেছেন, ‘প্রতিশোধ, প্রতিহিংসা আমার চরিত্র নয়। যা কিছু আমাদের বিভাজিত করে তার চাইতে অনেক বেশি কিছু আছে যা আমাদের ঐক্যবদ্ধ করে।’ তিনি বলেন, এই নির্বাচন আবারও প্রমাণ করেছে লেবার দলের মধ্যে উন্মুক্ত বিতর্কের সুযোগ রয়েছে। দেশ ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে দলের ভবিষ্যৎ নির্ধারণে এমন বিতর্ক জরুরি বলে তিনি মন্তব্য করেন।

এমপি থেকে শুরু করে দলীয় সমর্থক—সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে করবিন বলেন, থেরেসা মের সরকার কোনো নতুন সরকার নয়, ডেভিড ক্যামেরনের সরকারই নতুন খোলসে দেশ চালাচ্ছে। কৃচ্ছ্র সাধনের নামে এই সরকার সাধারণ মানুষের জীবনযাপন দুর্বিষহ করে তুলছে বলে তিনি মন্তব্য করেন। করবিন বলেন, ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে তাঁর নেতৃত্বেই লেবার দল রাষ্ট্র ক্ষমতায় ফিরবে।

এবারের নির্বাচনের ফলাফলে দেখা যায়, করবিনের প্রাপ্ত ভোট তিন লাখ ১৩ হাজার ২০৯। যা মোট ভোটের ৬১ দশমিক ৮ শতাংশ। করবিনের নেতৃত্বকে চ্যালেঞ্জ করা ওয়েন স্মিথ পেয়েছেন এক লাখ ৯৩ হাজার ২২৯ বা ৩৮ দশমিক ১ শতাংশ ভোট।

রাজনীতি বিশ্লেষকেরা বলছেন, এমন ফলাফলের পর করবিনের নেতৃত্বকে নতুন করে চ্যালেঞ্জ করার সাহস আর কারও হবে না। এই নির্বাচনের মধ্য দিয়ে করবিন ২০২০ সালের নির্বাচন পর্যন্ত নিজের অবস্থান সুসংহত করলেন। তবে যেসব এমপি করবিনের বিরোধিতায় মুখর ছিলেন, তাদের সহযোগিতার ওপর নির্ভর করছে লেবার দলের ভবিষ্যৎ।