লোকসভার দলীয় সদস্যদের সঙ্গে সোনিয়ার বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের লোকসভার কংগ্রেসদলীয় সদস্যদের সঙ্গে গতকাল মঙ্গলবার বৈঠক করেছেন দলের সভানেত্রী সোনিয়া গান্ধী। লোকসভায় কংগ্রেসকে বিরোধী দলের মর্যাদা দেওয়ার পক্ষে কড়া কথা বলার এক দিন পর তিনি এই বৈঠক করলেন।খবর পিটিআইয়ের।
লোকসভায় বিরোধী দল ও বিরোধীদলীয় নেতার মর্যাদার বিষয়টি নিয়ে আর ঝুলে থাকতে চাইছে না কংগ্রেস ও তাদের জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ)। দলটি সিদ্ধান্ত নিয়েছে, অবিলম্বে বিষয়টির সুরাহা করতে তারা লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনকে চিঠি দেবে।মূলত, এ সিদ্ধান্ত নেওয়ার পরই লোকসভার দলীয় সদস্যদের সঙ্গে সোনিয়া বৈঠকে বসলেন।অবশ্য দলীয় নেতারা বলছেন, বৈঠকটি ছিল অনানুষ্ঠানিক।
লোকসভায় বিরোধী দলের মর্যাদার বিষয়টি ঝুলিয়ে রাখায় কংগ্রেস সরকারের প্রকৃত উদ্দেশ্য নিয়ে সন্দিহান। কংগ্রেসের মুখপাত্র আনন্দ শর্মা বলেন, সরকারের উদ্দেশ্য সৎ নয়। তাদের চিন্তা অগণতান্ত্রিক... সরকার কংগ্রেসকে বিরোধী দলের মর্যাদা থেকে বঞ্চিত করার মাধ্যমে লোকপাল, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ আটকে রাখার চেষ্টা করছে।
কংগ্রেস এরই মধ্যে ঘোষণা দিয়েছে, প্রয়োজনে বিষয়টি নিয়ে আদালতে যাবে তারা। দলের সভানেত্রী সোনিয়া গত সোমবার বলেন, ক্ষমতাসীন দলের পর লোকসভায় সবচেয়ে বেশি আসন কংগ্রেসের।
সম্প্রতি অনুষ্ঠিত ৫৪৩ আসনের লোকসভা নির্বাচনে কংগ্রেস ৪৪ আসন পেয়েছে। তবে বিরোধী দলের মর্যাদা পাওয়ার জন্য প্রয়োজনীয় ন্যূনতম ৫৫টি আসন (মোট আসনের ১০%) তারা পায়নি। জোটগতভাবে ইউপিএর আসন ৬০টি।