লোকসভায় তেলেঙ্গানা নিয়ে তুমুল বিতর্ক
ভারতের অন্ধ্র প্রদেশ ভেঙে নতুন রাজ্য তেলেঙ্গানা গঠনসংক্রান্ত একটি বিতর্কিত বিল নিয়ে গতকাল বুধবার দেশটির পার্লামেন্টে তুমুল বিতর্ক ও হট্টগোল হয়েছে৷ অধিবেশন শুরুর পর অল্প সময়ের মধ্যেই তা মুলতবি ঘোষণা করা হয়৷
চলতি অধিবেশনে ইউপিএ সরকার প্রায় ৪০টি গুরুত্বপূর্ণ বিল পাস করতে চায়৷ অন্যান্য বিলের মধ্যে রয়েছে দুর্নীতি ও ঘুষ নিয়ন্ত্রণ এবং ধর্মীয় সহিংসতা দমন প্রভৃতি বিষয়ের প্রস্তাব৷ চলতি অধিবেশন ১২ দিন স্থায়ী হবে৷ আর আগামী গ্রীষ্মে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগে এটিই হবে বর্তমান লোকসভার শেষ অধিবেশন৷
তেলেঙ্গানা রাজ্য গঠনের বিষয়টি অনুমোদনের বিল পাসের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বিরোধীদের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ তবে গুরুত্বপূর্ণ বিলগুলো এবার পাস হবে কি না, সে ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন অর্থমন্ত্রী পি চিদাম্বরম৷
কেন্দ্রে ক্ষমতাসীন দল কংগ্রেসশাসিত অন্ধ্র প্রদেশ রাজ্যের বিধানসভায় কয়েক দিন আগেই তেলেঙ্গানা রাজ্য গঠনসংক্রান্ত একটি বিল প্রত্যাখ্যান করা হয়েছে৷ এতে কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রীয় ইউপিএ সরকার বিব্রতকর অবস্থায় পড়ে৷ কারণ, তারা গত অক্টোবরে তেলেঙ্গানা রাজ্য গঠনের বিষয়টি অনুমোদন করেছিল৷ একই বিল নিয়ে এবার কেন্দ্রীয় পার্লামেন্টেও বিতর্ক হচ্ছে৷
প্রস্তাবিত তেলেঙ্গানা রাজ্যের জনসংখ্যা সাড়ে তিন কোটি৷ এতে অন্তর্ভুক্ত হবে রাজধানী হায়দরাবাদসহ অন্ধ্র প্রদেশের মোট ২৩টি জেলার মধ্যে ১০টি৷ নতুন রাজ্য প্রতিষ্ঠার উদ্যোগে সমর্থনকারীরা বলছেন, এলাকাটির প্রতি সরকারের উপেক্ষা ছিল৷ কিন্তু তথ্যপ্রযুক্তি ও ওষুধ উৎপাদন প্রতিষ্ঠানগুলোর কেন্দ্র হিসেবে পরিচিত হায়দরাবাদ অঞ্চলটিকে হারাতে হবে বলে বিরোধীরা অসন্তুষ্ট৷ লোকসভায় বিলটি পাস হলেই তেলেঙ্গানা রাজ্য গঠন চূড়ান্ত হবে৷ বিবিসি৷