লোকসভায় বিরোধী নেতা থাকছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ষোড়শ লোকসভায় কোনো বিরোধীদলীয় নেতা থাকছেন না৷ অতীতের চর্চা ও অগ্রাধিকার বিবেচনায় নিয়ে সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে স্পিকার সুমিত্রা মহাজন এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্র জানিয়েছে৷ খবর এনডিটিভির৷
ভারতীয় পার্লামেন্টের নিয়ম অনুযায়ী প্রধান বিরোধী দলের মর্যাদা পেতে হলে লোকসভার মোট আসনের কমপক্ষে ১০ শতাংশ অর্থাৎ অন্তত ৫৫টি পেতে হবে৷ সর্বশেষ লোকসভা নির্বাচনে কোনো দলই তা পায়নি৷
গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে এককভাবে ২৮২টি ও েজাটগতভাবে ৩৩৬টি আসন পেয়ে সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)৷ এরপর এককভাবে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪টি আসন পেয়েছে কংগ্রেস৷ এ ছাড়া জয়ললিতার এআইএডিএমকে ৩৭ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস পায় ৩৪টি আসন৷
বিজেপির নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, কংগ্রেসকে প্রধান বিরোধী দলের মর্যাদা দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়া হবে পার্লামেন্টের নিয়ম ও রীতিনীতি পর্যালোচনা করে৷
এর আগে কংগ্রেসের জওহরলাল নেহরু ও রাজীব গান্ধীর প্রধানমন্ত্রিত্বের সময় লোকসভায় কোনো বিরোধীদলীয় নেতা ছিলেন না৷ কেননা, এই মর্যাদা পাওয়ার শর্ত কোনো দলই পূরণ করতে পারেনি, কেউ ১০ শতাংশ আসন পায়নি৷
১৯৮৪ সালে রাজীব যখন প্রধানমন্ত্রী হন, তখন লোকসভার ৫৪৩ আসনের ৪০৪টিতে জিতেছিল তাঁর দল কংগ্রেস৷ দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া দল সিপিএমের আসনসংখ্যা ছিল মাত্র ২২৷ সেবার বিজেপি জিতেছিল মাত্র দুটি আসন৷
তবে এবার লোকসভার ডেপুটি স্পিকার, সরকারি হিসাব-সম্পর্কিত কমিটি, কমিটি অব পাবলিক আন্ডারটেকিংস এবং অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির প্রধানের পদ বিরোধী দলকে ছেড়ে দেবে বলে জানিয়েছে সরকার৷ কংগ্রেস, এআইএডিএমকে, তৃণমূল কংগ্রেস ও বিজু জনতা দলের মধ্যে এ পদগুলো ভাগাভাগি করে দেওয়া হবে৷