লোকপাল আঁকড়ে তরি পার করতে চায় কংগ্রেস
লোকপালের আন্দোলন শুরু করেছিলেন আন্না হাজারে। বিপর্যস্ত কংগ্রেস এখন তাঁকেই হাতিয়ার করে ভেসে থাকার মরিয়া চেষ্টা শুরু করেছে। এবং কী আশ্চর্য, নিজ রাজ্যে নিজের গ্রাম রালেগান সিদ্দিতে লোকপালের দাবিতে অনশনরত আন্না হাজারে ‘সরকারি লোকপাল’ বিলে সন্তুষ্ট হয়ে অনুমোদনের সিলমোহর যখন লাগিয়ে দিচ্ছেন, ঠিক তখনই আম আদমি পার্টি (এএপি) তার বিরোধিতা করে বলছে, এই লোকপাল দুর্নীতি দূর করতে পারবে না। কংগ্রেস আন্নাকে ভুল বুঝিয়েছে।
সব মিলিয়ে সংসদের চলতি অধিবেশনে লোকপাল বিল উত্থাপন ও পাস করা নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে কৃতিত্ব দাবির প্রতিযোগিতা যেমন শুরু হয়েছে, তেমনই বৃদ্ধি পেয়েছে এএপি ও আন্না হাজারের দূরত্ব।
চার রাজ্যের নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেস আচমকাই লোকপাল বিলকে আঁকড়ে ধরে। এত দিন লোকপাল নিয়ে কংগ্রেস মাথা ঘামায়নি; বরং অর্থনৈতিক সংস্কারের জন্য প্রয়োজনীয় বিল পেশ করতে তারা বেশি আগ্রহী ছিল। সেই কংগ্রেসই অন্য সব ছেড়ে লোকপাল নিয়ে উঠেপড়ে লাগল। রাহুল গান্ধী ঘোষণা দিলেন, বিলটি তাঁরা পাস করার একেবারে শেষ ধাপে এসে দাঁড়িয়েছেন। তাদের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে, এএপির উত্থান ঠেকিয়ে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে কংগ্রেস শেষ পর্যন্ত লোকপালকেই আঁকড়ে ধরতে চাইছে। তাতে কংগ্রেসের তরি কতটা ভেসে থাকবে, তা অন্য কথা। তবে আপাতত রাজ্যসভায় এই বিল পেশের জন্য কংগ্রেস আন্না হাজারের প্রবল সমর্থন পেল। তাঁর অনশন ভাঙার ঘোষণা সময়ের ব্যাপার।
লোকপালকে কেন্দ্র করে আন্না হাজারের সঙ্গে এএপির দূরত্ব অবশ্য আরও বেড়ে গেল। দিল্লিতে কংগ্রেসের ভোট সবচেয়ে বেশি কেটেছে এএপি।
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম আলোকে বলেন, ‘লোকায়ুক্ত নিযুক্তির ক্ষমতা রাজ্যের হাতে ছেড়ে দেওয়ায় আমরা খুশি। কংগ্রেস এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার অমর্যাদা করেনি।’
কংগ্রেস মনে করছে, এই বিল পেশের মধ্য দিয়ে তারা এএপির পালের হাওয়া কিছুটা হলেও কমাতে পারবে। মানুষকে তারা বোঝাতে পারবে, দল হিসেবে তারা দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। এই দাবির সপক্ষে কংগ্রেস নিশ্চিতভাবেই আন্না হাজারের সন্তুষ্টিকেও বিজ্ঞাপনের মতো তুলে ধরতে পারবে।
তবে এএপির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেন, এই বিল আইনে পরিণত হলেও তা একটি ইঁদুরকেও কারাগারে পাঠাতে পারবে না। কারণ, সিবিআই থেকে যাবে কেন্দ্রীয় সরকারের মুঠোয়।