লোকপাল বিল নিয়ে সরকারের সঙ্গে বিতর্কের পথ খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, লোকপাল বিল নিয়ে সরকারের সঙ্গে বিতর্কের পথ খোলা রয়েছে। তিনি বলেন, এ ব্যাপারে বিদ্যমান সরকারি প্রক্রিয়া পুনর্বিন্যাস করা প্রয়োজন। গতকাল সোমবার কলকাতায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় মনমোহন এসব কথা বলেন। একটি জোরালো লোকপাল আইন প্রবর্তনের দাবিতে অনশনরত সমাজকর্মী আন্না হাজারের সমর্থকেরা বলেন, দুর্নীতি সমস্যা নিয়ে আলোচনার ব্যাপারে সরকারের কাছ থেকে তাঁরা এখনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পাননি। অনশনে থেকে এরই মধ্যে হাজারের পাঁচ কেজি ওজন কমেছে। গতকাল মনমোহন তাঁর ভাষণে বলেন, ‘সব বিষয়ে যুক্তিসংগত বিতর্কের ব্যাপারে আমাদের পথ খোলা রয়েছে। প্রতিষ্ঠান হিসেবে লোকপাল সৃষ্টির বিষয়টি আমাদের সহায়তা করবে ঠিকই, তবে সমস্যার সমাধান করবে না। এ ক্ষেত্রে বিচার-প্রক্রিয়ায় সমতার প্রয়োজন।’ তিনি বলেন, দ্রুত বিচার ও যথাসময়ে রায় প্রদান আইনভঙ্গের ব্যাপারে লোকজনকে নিরুৎ সাহ করবে। এ জন্য কিছু বিচার বিভাগীয় সংস্কার প্রয়োজন। সমস্যা সমাধানে সংলাপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে আইনমন্ত্রী সালমান খুরশিদ বলেন, জটিল সমস্যাগুলোর সমাধান দু-তিন দিনে সম্ভব নয়।এদিকে আলোচনা শুরু করার ব্যাপারে উভয় পক্ষের মধ্যে যাঁরা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন, তাঁদের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছেন। আন্না হাজারের উপদেষ্টাদের দল টিম আন্নার সদস্যদের মতে, অনানুষ্ঠানিক আলোচনায়ই তাঁরা আশাব্যঞ্জক ভূমিকা রাখতে পারেননি। তাঁরা বলেন, ৩০ আগস্টের মধ্যে একটি জোরালো লোকপাল বিল অনুমোদনের দাবি থেকে তাঁরা পিছপা হবেন না। একটি জোরালো লোকপাল আইনের দাবিতে নয়াদিল্লির রামলীলা ময়দানে গত সোমবার থেকে অনশনে যাওয়া আন্না হাজারে বেশ চাপের মুখে রেখেছেন সরকারকে। তাঁর দাবি, জোরালো লোকপাল আইন চালু করতে না পারলে সরকার পদত্যাগ করুক। টাইমস অব ইন্ডিয়া।