লোকপাল বিল পাস না হলে পদত্যাগ করব: কেজরিওয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছবি: দ্য হিন্দুর সৌজন্যে।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছবি: দ্য হিন্দুর সৌজন্যে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পুনরায় ঘোষণা দিয়েছেন, দুর্নীতিবিরোধী জন লোকপাল বিল পাস না হলে তিনি পদত্যাগ করবেন। কংগ্রেস সাফ জানিয়ে দিয়েছে, কোনো ‘অসাংবিধানিক’ বিলকে তারা সমর্থন দেবে না।
এ নিয়ে কেন্দ্রের সঙ্গে কেজরিওয়ালের বিরোধ আবার চরমে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। আজ সোমবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।
গতকাল রোববার দিল্লির সাহিত্য উত্সবে কেজরিওয়াল এক সাক্ষাত্কারে বলেন, ‘আমার কাছে জন লোকপাল ও স্বরাজ বিল দুটি খুব গুরুত্বপূর্ণ। এগুলো যদি কোনো কারণে পাস না হয়, তাহলে আমার ক্ষমতায় থাকার কোনো কারণই নেই। সে ক্ষেত্রে আমি পদত্যাগ করব।’ তিনি বলেন, দুর্নীতিবিরোধী এ আইন পাস না হলে জনগণই কংগ্রেস ও বিজেপিকে শিক্ষা দেবে।
জন লোকপাল বিলে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সব স্তরের সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিচারের বিষয়ে বলা হয়েছে। এতে সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডাদেশের প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে স্বরাজ বিলে কেন্দ্রীয় শাসনের পরিবর্তে ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা বলা হয়েছে।
কেজরিওয়াল জানান, আগামী বৃহস্পতিবার দিল্লির বিধানসভায় বিল দুটি উত্থাপন করা হবে। তিনি জানান, শনিবার স্বরাজ বিলটি পাস হবে। জন লোকপাল বিল পাসে জনসমর্থন সৃষ্টিতে আগামী রোববার দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে একটি বিশেষ সমাবেশ আয়োজনের চেষ্টা চলছে বলে জানান দিল্লির মুখ্যমন্ত্রী।

দিল্লি প্রদেশ কংগ্রেস কমিটির প্রধান অরবিন্দর সিং বলেছেন, ‘আমরা জন লোকপাল বিলকে সমর্থন দেব, যদি তা আইন অনুযায়ী হয়। তবে এ বিলটি বিধানসভায় উত্থাপন করা নিয়ে যেভাবে আইনকে বিদ্রূপ করা হয়েছে, তা কখনোই গ্রহণযোগ্য নয়।’ তিনি বলেন, মুখ্যমন্ত্রী কেজরিওয়াল সংবিধানের ঊর্ধ্বে নন। তিনি নিজেকে ‘আম আদমি’ হিসেবে দাবি করলে তাঁর সেভাবেই আচরণ করা উচিত। সংবিধানের চেয়ে বড় কিছু হওয়ার চেষ্টা করা তাঁর উচিত নয়।