লোকপাল বিল পাস না হলে ফের অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারে আবারও অনশনে যাওয়ার হুমকি দিয়েছেন। গত সোমবার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে লেখা এক চিঠিতে তিনি বলেছেন, পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে লোকপাল বিল পাস না হলে তিনি আবারও অনশন শুরু করবেন।চিঠিতে হাজারে প্রধানমন্ত্রীকে বলেন, এ বিল পাস না হলে পার্লামেন্টের অধিবেশনের শেষ দিন থেকে তিনি অনশন শুরু করবেন।এর আগে সোমবার হাজারে তাঁর ব্লগে লেখেন, তিন-চার দিনের মধ্যে তিনি তাঁর মৌনব্রত শেষ করবেন এবং দুর্নীতিবিরোধী আন্দোলনে যাঁরা তাঁকে সমর্থন দিয়েছেন, তাঁদের সঙ্গে সাক্ষাৎ করতে দেশব্যাপী সফর করবেন।হাজারে লেখেন, ‘বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ আমার ব্লগ পড়ছে। এখন আমার মৌনতা অবসান করে তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করব।’দুই কোটি ৯৪ লাখ রুপি অনুদান: দুর্নীতিবিরোধী আন্দোলনে গত ছয় মাসে টিম আন্না নামে পরিচিত আন্না হাজারের সহযোগীরা দুই কোটি ৯৪ লাখ রুপি সংগ্রহ করেছে। এর মধ্যে এক কোটি ১৪ লাখ রুপি পাওয়া গেছে রামলীলা ময়দানে হাজারের ১২ দিনের অনশনের সময়।টিম আন্না জানিয়েছে, মোট ২৭ হাজার ৫০৫ জন ব্যক্তি দুর্নীতিবিরোধী আন্দোলনে অর্থ দিয়েছেন। এর মধ্যে রামলীলা ময়দানে অনশনের সময় ২৫ হাজার ২৩ জন অর্থ অনুদান দিয়েছেন।টিম আন্না জানায়, ব্যক্তিপর্যায়ে সর্বোচ্চ অনুদান ছিল ২৫ লাখ রুপি। তবে ১০ হাজার রুপি বা এর চেয়ে কম অর্থ দেওয়া ব্যক্তিদের সংখ্যা ২৩ হাজার ১৩৮।টিম আন্না আরও জানায়, তারা ৪২ লাখ ৫৫ হাজার রুপি দাতাদের কাছে ফিরিয়ে দেবেন। কারণ, ওই দাতারা অর্থের উৎস এবং তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি।টিম আন্না বলছে, রামলীলা ময়দানের অনশনে ৫২ লাখ ২৭ হাজার রুপিসহ জনসভার জন্য ব্যয় হয়েছে দেড় কোটি রুপি। দুর্নীতিবিরোধী আন্দোলনে ভ্রমণ বাবদ নয় লাখ ৮৩ হাজার রুপি, যোগাযোগ খাতে দু্ই লাখ ৬৮ হাজার রুপি, জনসচেতনতায় সাড়ে ৪৫ লাখ রুপি এবং মুদ্রণ বাবদ ২৬ লাখ ৫৫ হাজার রুপি ব্যয় করেছে টিম আন্না। এ ছাড়া বেতন-ভাতা ও অন্যান্য খাতে বেশ কিছু অর্থ ব্যয় করা হয়েছে। পিটিআই।