লোকপাল বিল পাস হবে বিপজ্জনক কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সমাজকর্মী আন্না হাজারের দুর্নীতিবিরোধী আন্দোলনের সফলতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন দেশটির বুকার পুরস্কার পাওয়া লেখক অরুন্ধতী রায়। একে ভারতের সুশীল সমাজের আলোচ্যসূচি (এজেন্ডা) হিসেবে উল্লেখ করে তিনি বলেন, লোকপাল বিল একটি বিপজ্জনক আইন।মঙ্গলবার সিএনএন-আইবিএনকে দেওয়া সাক্ষাৎকারে অরুন্ধতী বলেন, ‘আমি বেশ কিছু কারণে ওই আইন (লোকপাল বিল) নিয়ে সন্দিহান। আমি মনে করি, এই আইন পাস হবে একটি বিপজ্জনক কাজ।’লোকপাল বিল পাসের জন্য ভারতের সুশীল সমাজ জনরোষকে নিজেদের পক্ষে কাজে লাগিয়েছে উল্লেখ করে প্রখ্যাত লেখক অরুন্ধতী বলেন, ‘এই আইন প্রণয়নে বাধ্য করতে আপনারা (সুশীল সমাজ) দুর্নীতির বিরুদ্ধে মানুষের সত্যিকারের ও বৈধ ক্ষোভকে পুঁজি করেছেন।’আন্নার অনশনের মতো এই আন্দোলনকে বিশ্বব্যাংকের এজেন্ডার নকল উল্লেখ করে অরুন্ধতী রায় বলেন, এটা কিরণ বেদি, অরবিন্দ কেজরিওয়াল ও সিসোদিয়ার এনজিও-চালিত আন্দোলন। তিনি বলেন, এই তিনজনই এনজিও পরিচালনা করেন এবং তাঁরা তিনজনই ম্যাগসাইসাই পুরস্কারজয়ী। বিশ্বব্যাংক ও ফোর্ড ফাউন্ডেশন দুর্নীতিবিরোধী প্রচারাভিযানের জন্য অর্থ দিয়ে থাকে। এটা বিশ্বব্যাংকের এজেন্ডার অনুরূপ, যদিও তাঁরা সেটা প্রকাশ করেননি।অরুন্ধতী রায় বলেন, আন্না হাজারেকে বেছে নেওয়া হয়েছে এবং আমজনতার সামনে সন্ত হিসেবে উপস্থাপন করা হয়েছে। এই আন্দোলন আন্নার মস্তিষ্কপ্রসূত নয়। এ জন্য বিষয়টি উদ্বিগ্ন হওয়ার মতো।অরুন্ধতী বলেন, সাধারণ জনতার আন্দোলন আর আন্না হাজারের নেতৃত্বাধীন এই আন্দোলন এক নয়। এর পেছনে গণমাধ্যমের কারসাজি রয়েছে অভিযোগ তুলে তিনি বলেন, জনতা হাজারের আন্দোলনে সমর্থন দিয়েছে, অংশ নিয়েছে এটা সত্যি, তবে তারা সবাই মধ্যবিত্ত শ্রেণীর নয়। অনেকে এসেছেন, যেন তাঁরা গণমাধ্যমের সাজানো রিয়েলিটি শোতে অংশ নিতে এসেছেন।সাক্ষাৎকারে অরুন্ধতী রায় আরও বলেন, ‘১০০ কোটি মানুষের দেশ এই ভারতে গণমাধ্যম যেন প্রতিবেদন করার আর কিছু পাচ্ছে না। কয়েকটি টিভি চ্যানেলও এই আন্দোলনের পক্ষে প্রচার চালিয়েছে। প্রথমত এটাও আমার কাছে মনে হয়েছে এক ধরনের দুর্নীতি। কারণ, গণমাধ্যমের কাজ কোনো কিছুর পক্ষে প্রচার চালানো নয়, তাদের কাজ প্রতিবেদন করা।’ সিএনএন-আইবিএন।