লোকপাল বিল রাজ্যসভায় পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে রাজ্যসভায় গতকাল মঙ্গলবার পাস হলো বহুল আলোচিত লোকপাল বিল। দেশের দুর্নীতিরোধে এই বিল সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে। বিলটি পাস হলে প্রবীণ গান্ধীবাদী আন্না হাজারে অনশন ভাঙবেন। আন্নার অনশন ভাঙাতে মহারাষ্ট্রে তাঁর গ্রাম রালেগাঁও সিদ্দিতে রাহুল গান্ধী যেতে পারেন বলে শোনা যাচ্ছে।

আন্না হাজারে সরকারকে যে বিল নিয়ে চিন্তাভাবনা করতে বাধ্য করেছিলেন, তা রাজ্যসভায় পাস হলো প্রায় বিনা বাধায়। বিল পাসের পর আন্না বলেন, দুর্নীতি অন্তত ৫০ ভাগ কমবে। গরিবেরা বিচার পাবেন।

এই বিল আইনে পরিণত হলে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত এই আইনের আওতায় আসবেন। কেন্দ্রীয় সরকারের কর্মীরা যেমন লোকপালের আওতায় আসবেন, তেমনই রাজ্যে রাজ্যে লোকপালের ধাঁচে লোকায়ুক্ত গঠন করা হবে। প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ, লোকসভার বিরোধী নেতা বা নেত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও একজন আইনজ্ঞ, যাঁকে এই নেতারা পছন্দ করবেন, তাঁরাই সর্বসম্মতভাবে লোকপাল নিযুক্ত করবেন। লোকপালের চেয়ারম্যান হবেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্য থেকে। চেয়ারম্যান ছাড়া আরও আটজন হবেন সদস্য।

আম আদমি পার্টি (এএপি) এই লোকপাল বিলকে অসম্পূর্ণ ও অকার্যকর বলে মনে করছে। এএপি নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেন, কংগ্রেস ও বিজেপি হাতে হাত মিলিয়ে এটি করল।