প্রখ্যাত সমাজকর্মী আন্না হাজারে ও তাঁর টিম আন্না দুর্নীতি রুখতে একটি কার্যকর সর্বোত্তম আইন প্রণয়নের আহ্বান জানিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পার্লামেন্ট সদস্যদের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে এই আহ্বান জানানো হয়। দুর্নীতি তদন্তে লোকপালকে সুয়োমোটো ক্ষমতা দেওয়ারও দাবি জানানো হয়।দুর্নীতিবিরোধী আন্দোলনের অগ্রপথিক গান্ধীবাদী আন্না হাজারে সরকারের প্রতি আবারও লোকপালকে (দুর্নীতিবিরোধী সংস্থা) পৃথক তদন্তক্ষমতা দেওয়ার দাবি জানিয়েছেন। এ ছাড়া লোকপালকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের ওপর প্রশাসনিক ও আর্থিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষমতা দেওয়ারও দাবি জানান তিনি। মুম্বাইয়ের এমএমআরডিএ ময়দানে নতুন করে অনশন শুরুর মাত্র ৪৮ ঘণ্টা আগে গতকাল রোববার তিনি এই দাবি জানান। প্রধানমন্ত্রী মনমোহন সিং ও এমপিদের উদ্দেশে লেখা চিঠিতে টিম আন্নার পক্ষ থেকে বলা হয়েছে, আইনসভায় বিতর্কের মাধ্যমে দুর্নীতিবিরোধী সম্ভাব্য সেরা আইনটি পাসের জন্যই তারা আগ্রহী। এতে প্রধানমন্ত্রী ও পার্লামেন্ট সদস্যদের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়, সর্বগ্রাসী দুর্নীতি মোকাবিলায় তাঁরা যেন ‘একটি প্রকৃত দুর্নীতিবিরোধী আইন’ প্রণয়ন করেন।শক্তিশালী লোকপাল বিলের প্রচারণায় সোচ্চার টিম আন্না ‘ইন্ডিয়া এগেইনস্ট করাপশন’ শিরোনামে লেখা চিঠিতে আরও বলেছে, ‘যদিও বিরোধীরা আইনসভায় আনা দুর্নীতিবিরোধী বিলে কিছু ইতিবাচক দফা সংযোজন করেছে, তবু আমরা চাই এতে আমাদের দফাগুলোও অন্তর্ভুক্ত করা হোক।’টিম আন্না বলেছে, বিলে লোকপাল (কেন্দ্রীয়) ও লোকযুক্তকে (রাজ্যের দুর্নীতিবিরোধী সংস্থা) সুয়োমোটো ক্ষমতা দেওয়ার বিয়য়টিও অন্তর্ভুক্ত করতে চায় তারা। যাতে কারও অভিযোগ কিংবা সুপারিশ ছাড়াই লোকপাল ও লোকযুক্ত স্বেচ্ছাপ্রণোদিত হয়ে দুর্নীতি-সংশ্লিষ্ট যেকোনো ঘটনার তদন্ত করতে পারে। চিঠিতে আরও বলা হয়, ‘দেশকে একটি প্রকৃত দুর্নীতিবিরোধী আইন উপহার দেওয়ার স্বার্থে আমরা চাই পার্লামেন্ট যেন আমাদের দফাগুলো বিবেচনা করে দেখে এবং এর বাস্তবায়ন ঘটায়।’ প্রসঙ্গত, ২২ ডিসেম্বর দেশটির পার্লামেন্টের শীতকালীন অধিবেশন শেষ হওয়ার কথা থাকলেও লোকপাল বিলের ওপর আরও আলোচনার লক্ষ্যে আগামীকাল থেকে তিন দিনের জন্য এর সময় বাড়ানো হয়েছে। ইতিমধ্যে আন্না তাঁর প্রস্তাবিত জন লোকপাল বিল পাসের দাবিতে নতুন করে তিন দিন অনশন শুরুর এবং ৩০ ও ৩১ ডিসেম্বর দুই দিন ‘জেলে ভরো’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। দ্য টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।