লোকপালের সার্চ কমিটির চেয়ারম্যানের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের বিড়ম্বনা বেড়েই চলেছে। গত রোববার সরকারের বিড়ম্বনার কারণ স্বয়ং রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। গতকাল সোমবার সরকারকে বিব্রত করলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কে টি টমাস। প্রবীণ আইনজীবী ফলি নরিম্যানের মতো তিনিও সরে দাঁড়ালেন লোকপালের ‘সার্চ কমিটি’ থেকে।
গতকাল টমাস চিঠি লিখে জানিয়ে দিয়েছেন, সার্চ কমিটির চেয়ারম্যানের পদ থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। কারণ, যে প্রক্রিয়ায় লোকপাল ও তার সদস্যদের খোঁজ চালছে, তাতে উপযুক্ত প্রার্থীর খোঁজ পাওয়া কঠিন।
রোববার সরকারের বিড়ম্বনা বাড়ান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণার আগে সরকার তড়িঘড়ি কয়েকটি অধ্যাদেশ জারি করতে চেয়েছিল। সে জন্য প্রধানমন্ত্রীর ‘বিমসটেক’ সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে রোববার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকও ডাকা হয়। অধ্যাদেশ জারির ইচ্ছায় বাদ সাধেন রাষ্ট্রপতি। সংসদকে এড়িয়ে তাড়াহুড়া করে অধ্যাদেশ জারির কোনো প্রয়োজন নেই বলে মনে করেন তিনি।
রাষ্ট্রপতিকে বোঝাতে দুই কেন্দ্রীয় মন্ত্রী সুশীল কুমার সিন্ধে ও কপিল সিবাল উদ্যোগ নেন। তাঁদের অনুরোধ ছিল, দুর্নীতি প্রতিরোধে যে বিলগুলো আনা প্রয়োজন এবং যেগুলো আনতে সরকার ও রাহুল গান্ধী প্রতিশ্রুতিবদ্ধ, সংসদ অচল থাকায় তা আনা সম্ভব হয়নি। তাই অধ্যাদেশ জারিই একমাত্র উপায়। তাতেও প্রণব রাজি হননি।
রাত পোহাতেই দ্বিতীয় বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ান কে টি টমাস। প্রধানমন্ত্রীর সচিবালয়কে চিঠি লিখে জানান, তাঁর পক্ষে লোকপালের সার্চ কমিটির চেয়ারম্যানের পদে থাকা সম্ভব নয়। প্রথমে ফলি নরিম্যান ও এবার কে টি টমাসের পদত্যাগের ফলে লোকপাল গঠনের প্রক্রিয়া আরও পিছিয়ে যেতে বাধ্য।
দুর্নীতি রোধে গত বছর লোকপাল বিল পাস হয়। এই আইনে বলা আছে, এক বছরের মধ্যে লোকপাল গঠন করতে হবে। চেয়ারম্যান ছাড়া লোকপালে আরও আটজন সদস্য থাকবেন।