লোকসভা নির্বাচন শুরু ৭ এপ্রিল, শেষ ১২ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ১৬তম নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নয় দফার নির্বাচন শুরু হবে ৭ এপ্রিল। শেষ হবে ১২ মে। ভোট গণনা হবে ১৬ মে। এর চার দিন পর ১৬ মে সারা দেশে একযোগে লোকসভা আসনের ফল ঘোষিত হবে।

আজ বুধবার সকালে রাজধানী নয়াদিল্লির বিজ্ঞান ভবনে এক সংবাদ সম্মেলনে লোকসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার ভি এস সম্পত। এর আগে এত দীর্ঘ পর্যায়ে কখনো লোকসভা নির্বাচন হয়নি।

লোকসভা নির্বাচনের সঙ্গে অন্ধ্রপ্রদেশ, সিকিম ও ওড়িশার বিধানসভা নির্বাচন এবং কয়েকটি রাজ্যের বিধাসনভার উপনির্বাচনও হবে।

লোকসভার আসন ৫৪৩টি। এবারের নির্বাচনে ভোট দেবেন ৮১ কোটি ৪০ লাখ ভোটার। ২০০৯ সালের সর্বশেষ নির্বাচন থেকে এবার ১০ কোটি ভোটার বেশি। এঁদের মধ্যে দুই কোটি ৩০ লাখ নতুন ভোটার। নির্বাচন হবে নয় লাখ ৩০ হাজার ভোটকেন্দ্রে। এবারের ভোটদাতাদের ৯৯ শতাংশই ভোট দিতে পারবেন ভোটার পরিচয়পত্র দিয়ে।

আজ সকালে মুখ্য নির্বাচন কমিশনার জানান, ভোট হবে নয় দফায়। প্রথম দফার ভোট শুরু হবে ৭ এপ্রিল। দ্বিতীয় দফার ৯ এপ্রিল। তৃতীয় দফা ১০ এপ্রিল। চতুর্থ দফা ১২ এপ্রিল। পঞ্চম দফা ১৭ এপ্রিল। ষষ্ঠ দফা ২৪ এপ্রিল। সপ্তম দফা ৩০ এপ্রিল। অষ্টম দফা ৭ মে ও নবম দফার ভোট হবে ১২ মে।

পশ্চিমবঙ্গে পাঁচ দফায় ১৭, ২৪ ও ৩০ এপ্রিল এবং ৭ ও ১২ মে ভোট হবে।  এবারের ভোটে ‘না’ ভোট দেওয়ার সুযোগও থাকবে।

ভোট শেষ হওয়ার চার দিন পর ১৬ মে সারা দেশে একযোগে ৫৪৩টি লোকসভা আসনের ফল ঘোষিত হবে।

ভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে প্রায় দেড় লাখ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে। তাদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে মোতায়েনে ভারতীয় রেলের সঙ্গে আলাদাভাবে বৈঠক করতে হয়েছে নির্বাচন কমিশনকে। এই ঘোষণার সঙ্গে সঙ্গে সারা দেশে জারি হয়ে গেল নির্বাচনী আচরণবিধি। কোনো রাজ্য বা কেন্দ্রীয় সরকার আজ থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত কোনো জনহিতকর বা নীতিগত ঘোষণা করতে পারবে না।

মুখ্য নির্বাচন কমিশনার জানান, স্কুল-কলেজের পরীক্ষা, ফসল কাটা, উত্সব, আবহাওয়া প্রভৃতি বিচার করেই ভোটের দিনক্ষণ ঠিক করা হয়েছে। এবারের ভোটেও কোনো প্রার্থী পছন্দ না হলে তা রেকর্ড করার অধিকার রাখা হচ্ছে। ইলেক্ট্রনিক ভোটার মেশিন বা ইভিএমে ‘নোটা’ বোতাম রাখা হবে।

মুখ্য নির্বাচন কমিশনার সম্পত আরও জানান, এবারের ভোটে মোট চার ধরনের পর্যবেক্ষক রাখা হবে।