প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে চলতি লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর মাত্র তিন সপ্তাহে ২১৭ কোটি রুপি অবৈধ অর্থ জব্দ করেছে নির্বাচন কমিশন। বিপুল পরিমাণ এ অর্থ গাড়ি, ব্যক্তিগত বিমান, এমনকি রোগী পরিবহনের কাজে নিয়োজিত অ্যাম্বুলেন্সের ভেতর থেকে জব্দ করা হয়।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মাত্র ওই কয়েক দিনে জব্দ করা এই অর্থ ২০০৯ সালে অনুষ্ঠিত নির্বাচনের পুরো সময়ে জব্দ করা ১৯০ কোটি রুপিকে এরই মধ্যে ছাড়িয়ে গেছে। কমিশনের কর্মকর্তারা বলেন, ভোট কিনতে এবং নির্ধারিত সীমার অতিরিক্ত নির্বাচনী ব্যয় হিসেবে খরচ করতেই এসব অর্থ গোপনে ওই সব পরিবহনে আনা-নেওয়া করা হচ্ছিল।
এবারের লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে ৭ এপ্রিল। নয় দফায় তা শেষ হবে আগামী ১২ মে। অভিযান চালিয়ে গত ২০ দিনে কমিশন ১০০ কিলোগ্রাম হেরোইন ও এক কোটি লিটারের বেশি মদও উদ্ধার করেছে। রয়টার্স।